সাড়া জাগাতে ব্যর্থ নিশো-পূজার ‘দম’

ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। যেগুলোর মধ্যে আলোচনায় ছিল আফরান নিশো ও পূজা চেরী অভিনীত ‘দম’। ছবিটি মুক্তির পর অনেকেই এর নায়িকা নির্বাচন এবং নানা খুঁটিনাটি দিক নিয়ে সমালোচনা করছেন।
‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছিলেন ছোটপর্দার জনপ্রিয় তারকা নিশো। আগের দুটি সিনেমাতেই তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন তমা মির্জার সঙ্গে। এবার ঈদে পূজার নায়ক হয়ে পর্দায় এসেছেন নিশো। কিন্তু ‘দম’ সিনেমাটি সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে।
পূজা-নিশো জুটিকে গ্রহণ করেননি দর্শকরা। সোশ্যাল মিডিয়া ও হল ফেরত দর্শকদের নানা নেতিবাচক মন্তব্য দেখা যায় সিনেমাটি নিয়ে। এ তালিকায় যোগ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তিনি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন রেদওয়ান রনি পরিচালিত আলোচিত সিনেমা ‘দম’। সিনেমা দেখার পরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় অনুভূতি প্রকাশ করেন তিনি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে শাওন লিখেছেন, ‘দম’ দেখে আসলাম। সারাক্ষণ উত্তেজনা আর দুঃখের আবহে ডুবে থাকতে থাকতে সিনেমাটির দৈর্ঘ্য অনেক বেশি লম্বা মনে হয়েছে।
সিনেমাটিতে বিনোদন বা হালকা মুহূর্তের অভাবও অনুভব করেছেন তিনি। শাওনের ভাষায়, রিলিফ স্পেস খুব কম ছিল।
অন্যদিকে সিনেমাটি দেখেতে যাওয়া অনেক দর্শকই জানিয়েছেন নায়িকা নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য। তাদের মতে, এখানে পূজা চেরী না হলেও চলত। অন্য নায়িকা দিয়েও এই কাজ করানো যেত। ছবিটিকে আলোচনায় আনতেই পূজা চেরীকে শোপিস হিসেবে নেওয়া হয়েছে।
এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুরও। কিন্তু মুক্তির পর সিনেমাটির কোনো প্রচারণায় তাকে দেখা যায়নি।
মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে ‘দম’ নিয়ে জানতে চাইলে ডলি জহুর বলেন, দমের দম নেই। ভেবেছিলেন তিনি ভালো চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন; কিন্তু বাস্তবে তা হয়নি। গল্পে একটি মায়ের চরিত্র রাখা প্রয়োজন, তাই রাখা। আলাদা কিছু নেই।