ধারণা ও কটূক্তি নিয়ে মুখ খুললেন সাদিয়া জাহান প্রভা

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মানুষের কাল্পনিক ধারণা, অহেতুক বিচারপ্রবণতা এবং কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তুলে ধরেছেন, অন্যের ভুল ধারণা ও কটূক্তিতে মানসিকভাবে ভেঙে পড়ার অভিজ্ঞতা। পাশাপাশি নিজের মূল্যবোধ ধরে রেখে শক্ত থাকারও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
পোস্টে প্রভা লিখেছেন, ‘মানুষ যখন ধারণার বশবর্তী হয়ে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয়। অথচ তারা যা বিশ্বাস করে, তার ৯০ শতাংশই কেবল তাদের নিজেদের কল্পনা, বিচার-বুদ্ধি কিংবা নিজেদের বড় করে দেখানোর একটা প্রবৃত্তি মাত্র।’
কাছের মানুষদের কাছ থেকে পাওয়া আঘাতের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘তার চেয়েও বেশি কষ্টদায়ক হলো, যখন তারা খুব সুবিধাজনকভাবে নিজেদের ভুল-ত্রুটিগুলো ভুলে যায়, অথচ আপনাকে নিয়ে কুৎসা রটানোকে নিজেদের অধিকার মনে করে।’ প্রভা বলেন, কখনো কখনো এসব মানুষ তারাই হন, যাদের একসময় ভালোবাসা ও বিশ্বাস করা হয়েছিল। তারা বন্ধু, পরিবারের সদস্য, সহকর্মী কিংবা প্রাক্তন সঙ্গীও হতে পারেন।
আপনজনদের এমন আচরণ যে একজন মানুষকে মানসিকভাবে ভেঙে দিতে পারে, সেটিও উল্লেখ করেছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘এটি আপনাকে মারাত্মকভাবে ব্যথিত করতে পারে। আপনি হয়তো কিছুদিন নিস্তব্ধ, ভেঙে পড়া কিংবা নিজেকে মূল্যহীনও মনে করতে পারেন।’
তবে অন্যের ধারণা বা দৃষ্টিভঙ্গিকে নিজের পরিচয়ের মাপকাঠি না করার পরামর্শ দিয়েছেন প্রভা। তিনি লিখেছেন, ‘মনে রাখবেন, আপনাকে নিয়ে অন্য কারও চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি কখনোই আপনার চরিত্রকে নির্ধারণ করে না। তাদের ভণ্ডামি, ভুল ধারণা কিংবা নিজেদের ভুল স্বীকার করতে না পারার দায়ভার বহন করা আপনার কাজ নয়।’
তবে প্রভার এই পোস্টে তার ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন রয়েছে কি না, তা স্পষ্ট করেননি অভিনেত্রী।
.png)

