Advertisement

টিজারেই চমক দেখাল জায়েদ খানের ‘শিকারি’

এশিয়া পোস্ট বিনোদন
টিজারেই চমক দেখাল জায়েদ খানের ‘শিকারি’

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। দেশের পটপরিবর্তনের পর যুক্তরাষ্ট্রে থেকে যাওয়া এই অভিনেতাকে এরপর বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত অনুষ্ঠান ও কনসার্টে পারফর্ম করতে দেখা গেছে। পাশাপাশি উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি।

Advertisement

গত দুই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও আলোচনায় আসেন জায়েদ খান। এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। তাকে দেখা যাবে একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে।

জায়েদ খানের নতুন এই কাজের নাম ‘শিকারি’। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে গানটির টিজার প্রকাশ করেন তিনি। এর আগে জন্মদিন উপলক্ষে ‘শিকারি’র পোস্টার প্রকাশ করেছিলেন এই অভিনেতা। পোস্টার প্রকাশের পর কাজটি নিয়ে তৈরি হয় নানা কৌতূহল। টিজার প্রকাশের মাধ্যমে অবশ্য সেই রহস্যের অনেকটাই উন্মোচিত হয়েছে।

কয়েক সেকেন্ডের টিজারে জায়েদ খানকে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা গেছে। বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত ভিডিওচিত্রটিতে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাও এতে অংশ নিয়েছেন।

‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। জানা গেছে, এটি একটি ব্যয়বহুল মিউজিক ভিডিও। যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। ভিডিওটির নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও অংশ নিয়েছেন। স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন এনরিক ক্যামাচো।

টিজার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, ‘টিজার দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকেই টিজারটি শেয়ার করছেন। তবে সম্পূর্ণ গানের ভিডিওচিত্রটি আরও মুগ্ধ করবে।’

প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি কানাডা, পর্তুগালসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও মঞ্চ পরিবেশনায় দেখা গেছে তাকে।

শিগগিরই প্রকাশ পাবে ‘শিকারি’র পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও। নতুন এই পরিচয়ে জায়েদ খানের উপস্থিতি দর্শকদের কতটা আকৃষ্ট করে, এখন সেটিই দেখার বিষয়।

টিজারেই চমক দেখাল জায়েদ খানের ‘শিকারি’