কাল দেশের ২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘কাট-পিস’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর)। পরিচালক ও প্রযোজক ইফফাত জাহান মমর সিনেমাটি দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় রয়েছে। যা এবার দুর্গাপূজায় মুক্তিপ্রাপ্ত সিনেমার হল প্রাপ্তির তালিকায় সর্বোচ্চ।
মুক্তির আগে সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শক ও নেটিজেনদের মধ্যে আলোচনা চলছে। দুই মিনিট ১৮ সেকেন্ডের ট্রেইলারে উঠে এসেছে গার্মেন্টসের ঝুট ব্যবসাকে ঘিরে অপরাধজগৎ, আধিপত্য বিস্তার এবং দুই পক্ষের সংঘাতের চিত্র।
ট্রেইলারে দুই পক্ষের মধ্যে এলাকা ও ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের আভাস পাওয়া যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম আইটেম গান ‘ছাপ্পা’। গানটিও প্রকাশ করা হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।
‘কাট-পিস’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন ইফফাত জাহান মম। প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মস।
অভিনেত্রী নানজীবা তোরসার জন্যও সিনেমাটি বিশেষ। ‘কাট-পিস’ তার অভিনীত তৃতীয় সিনেমা হলেও মুক্তির হিসাবে এটিই হতে যাচ্ছে তার প্রথম সিনেমা।

মুক্তির তালিকায় রয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্স (সনি), ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্সসহ বিভিন্ন প্রেক্ষাগৃহ। এ ছাড়া কুমিল্লা, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, চট্টগ্রাম, দিনাজপুর, ফরিদপুর, সান্তাহার, মধুপুর, নাগরপুর, কুলিয়ারচর ও চর আলেকজান্ডারেও সিনেমাটি দেখানোর কথা রয়েছে।
গার্মেন্টসের ঝুট ব্যবসার পরিচিত বাস্তবতাকে অপরাধ, ক্ষমতা ও সংঘাতের গল্পে কীভাবে তুলে ধরা হয়েছে, তা এবার বড় পর্দায় দেখার অপেক্ষা।