তিন মাসের শিশুর মাকে নিয়ে ক্ষুব্ধ পরীমণি

স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছেমতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা।
রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব পরীমণি। প্রায় সময় নিজের ও পারিপার্শ্বিক নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় এবার ভিন্ন এক বিষয় সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন।
এক মাদকাসক্ত মায়ের কাছ থেকে তিন মাস বয়সি এক শিশুকে উদ্ধারের আকুতি জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ মার্চ) দেয়া এক স্ট্যাটাসে তিনি বাচ্চার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে শিশুটির মাকে স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত রিহ্যাব বা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
পরীমণি তার পোস্টে লেখেন, শিশুটির মা ইয়াবায় আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে তিন মাসের শিশুটি তার মায়ের কাছে কোনোভাবেই নিরাপদ নয় বলে দাবি করেছেন এই নায়িকা।
তিনি শিশুটির মাকে উদ্দেশ করে লেখেন, তাকে একটি শেষ সুযোগ দেওয়ার জন্যই এই স্ট্যাটাসটি দিচ্ছেন। পরিস্থিতি না বদলালে তিনি পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেবেন বলেও হুঁশিয়ারি দেন।
শিশুটির মা পরীমণিকে সব যোগাযোগমাধ্যমে ব্লক করে রাখলেও নায়িকা আশা করছেন এই বার্তাটি তার নজরে আসবে।
পরীমণ উল্লেখ করেন, আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তোমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতোটা নির্বোধ নও।