logo

পরিচালকের টেনশনে নিজেও প্যানিকড হতেন পরী মণি

পরিচালকের টেনশনে নিজেও প্যানিকড হতেন পরী মণি
অভিনেত্রী পরী মণি

সাম্প্রতিক সময়ে সিনেমা নিয়ে ব্যস্ততা খুব বেশি না থাকলেও সব সময়ই আলোচনার কেন্দ্রে থাকেন ঢালিউড বিউটি কুইন পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ফলোয়ার থাকায় বরাবরই সবার নজরে থাকেন। আর পরী মণি নিজেও সামাাজিকমাধ্যমে সরব।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এশিয়া পোস্টের বিশেষ বিনোদন অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হয়ে হাজির হন এই অভিনেত্রী। অনুষ্ঠানের উপস্থাপিকা অভিনেত্রী মৌসুমী হামিদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় নিজের ক্যারিয়ার, অভিনয়জীবন এবং নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

আলাপচারিতার একপর্যায়ে পরিচালকদের প্রসঙ্গ উঠলে পরী মণি জানান, অভিনয়জীবনে সবচেয়ে বেশি বকা খেয়েছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের কাছে।

গিয়াসউদ্দিন সেলিমের কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করে পরী মণি বলেন, ‘উনি শুধু পরিচালকই নন, উনি একজন ওস্তাদ।’

পরী মণির ভাষ্য, শুটিং সেটে গিয়াসউদ্দিন সেলিমের অভিব্যক্তি দেখে বোঝা যেত না কোন দৃশ্যে তিনি সন্তুষ্ট, আর কোথায় সমস্যা। তার রিঅ্যাকশন সহজে বোঝা যেত না বলে সবাই সেটে একটু বিচলিত থাকতেন। ফলে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে এক ধরনের চাপ কাজ করত।

তিনি জানান, অনেক সময় ভালো অভিনয় করেও পরিচালকের প্রতিক্রিয়া বুঝতে পারতেন না। কখন একটি দৃশ্য পছন্দ হয়েছে, আর কখন হয়নি—তা বোঝা ছিল বেশ কঠিন।

‘স্বপ্নজাল’ সিনেমার শুটিংয়ের সময় পরী মণি সব সময় ভয়ে ভয়ে থাকতেন। কখন যে ভুল হয়ে যায়—সেই ভয়ে সেটে তটস্থ থাকত সবাই। শুটিং শেষ হওয়া পর্যন্ত গিয়াসউদ্দিন সেলিম নিজেও টেনশনে থাকতেন। পরিচালকের টেনশন দেখে পরী মণি কিছুটা প্যানিকড হয়ে যেতেন।

সামাজিকমাধ্যম ফেসবুকে দেশের সবচেয়ে বড় ব্যক্তিত্বদের একজন অভিনেত্রী পরী মণি। প্রায় দেড় কোটির বেশি ভক্ত তাকে ফেসবুকে অনুসরণ করেন।

সেসব দিনের অভিজ্ঞতা শেয়ার করার সময় পরী মণিকে কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়তে দেখা যায়। শুরুর প্রতিবন্ধকতা পেরিয়ে নিজের অদম্য সাহস, গ্ল্যামার, স্পষ্টবাদিতা এবং অভিনয়শৈলী দিয়ে পরী মণি বাংলাদেশের সিনেমা ভুবনে এক অনবদ্য ও আলোচিত নাম হয়ে ওঠেন।