logo

এআই ড্রামায় মজেছেন চিত্রনায়িকা নূতন

এআই ড্রামায় মজেছেন চিত্রনায়িকা নূতন
ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার স্টাইলিশ হিরোইন নূতন। অসংখ্য হিট সিনেমার নায়িকাকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে আজও প্রাণবন্ত দেখা যায়। যে কোনো অনুষ্ঠানে গেলে নিজের আলো ছড়ান নূতন। নিজের একান্ত সময় কীভাবে কাটে এমন প্রশ্নের জবাবে নূতন বলেন, আমি মাইক্রোড্রামার প্রেমে পড়েছি। এআই দিয়ে নির্মিত ড্রামা দেখার প্রতি দারুণ ঝোঁক তৈরি হয়েছে। অবসর সময়টা ড্রামা দেখেই কাটে।

কথা প্রসঙ্গে নূতন বলেন, জীবনে তো সেভাবে প্রেম করা হয়ে ওঠেনি। কাজ ও সংসার নিয়েই ছিল ব্যস্ততা। এআই হিরোগুলো এত সুদর্শন দেখতে, মনে হয় প্রেমে পড়ে যাই হাহাহা! এআই ড্রামায় খুব দ্রুত কাহিনি পরিবর্তন ও গল্পের মোড় থাকায় মনে করি অনেকেরই এটি দেখার আগ্রহ বাড়ছে। শুধু নিজেই দেখি না পরিচিতদেরও পাঠাই।

Advertisement

ব্যক্তিজীবনে একমাত্র মেয়ে যুক্তরাজ্যে থাকেন। দুই নাতি ও দুই নাতনির সঙ্গে অনেক দিন দেখা হয় না। প্রতিদিন ভিডিও কলে খোঁজখবর নিয়ে থাকেন। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার কারণে ভিসা পাওয়া কঠিন হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করলেন নূতন।

আলাপে বিদেশি নায়িকা নিয়ে সিনেমা নির্মাণের ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেন এই খ্যাতিমান অভিনেত্রী। তার ভাষ্য, দেশেই অনেক সুন্দরী নায়িকা রয়েছে। কেন বিদেশ থেকে নায়িকা আনতে হবে?

বেশকিছু যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করেছেন গুণী এই শিল্পী। তাদের মধ্যে ছিলেন বম্বের হিরো মিঠুন চক্রবর্তীও। নূতন বলেন, আশির দশকে মিঠুন চক্রবর্তীর ‘অন্যায় অবিচার’ সিনেমায় অভিনয় করেছিলাম। এখনও বাংলাদেশ থেকে কোনো শিল্পীর সঙ্গে তার দেখা হলে মিঠুন জিজ্ঞেস করেন, ‘নূতনজি ক্যায়সি হ্যায়?’ এটা একজন শিল্পী হিসেবে বড় পাওয়া।

১৯৬৮ সালে ‘নতুন প্রভাত’ দিয়ে ক্যারিয়ার শুরু নূতনের। তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘ওরা ১১ জন’, যা কিনা মুক্তিযুদ্ধের দলিল হয়ে রয়েছে। এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়া নিজের জন্য কষ্টের বলে জানালেন তিনি। বয়স বাড়ছে, তবে এখনই থেমে যেতে চান না নূতন। নতুন একটি সিনেমায় অভিনয়ের কথা চলছে। সব ঠিক থাকলে এই সিনেমায় ঢাকাইয়া একটি চরিত্রে দেখা যাবে তাকে।