logo

দেশে ব্যর্থ শাকিল-রনির ‘দম’, পাড়ি জমাল বিদেশে

দেশে ব্যর্থ শাকিল-রনির ‘দম’, পাড়ি জমাল বিদেশে

ঢাকঢোল পিটিয়ে ঘটা করে মহরতের মাধ্যমে ঘোষণা, দেশ-বিদেশে শুটিংয়ের মহাপরিকল্পনা। এমন সব মসলাদার প্রচারণার মধ্য দিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে শুটিং শুরু হয় নির্মাতা রেদওয়ান রনি ও প্রযোজক শাহরিয়ার শাকিলের এবারের ঈদের সিনেমা ‘দম’। মুক্তির আগে দর্শক প্রত্যাশা বাড়িয়ে সিনেমাটি যেন বড় ভুল করে ফেলেছে। এখন দর্শক খরায় পাড়ি জমাতে হচ্ছে বিদেশে। তার আগে দেশের হল মালিকেদের সঙ্গে প্রতারণা করতে একবারও ভাবেননি প্রযোজক শাকিল।

শুধু সিনেপ্লেক্সে মুক্তি
ঈদুল ফিতরে ‘দম’ মুক্তি পায় শুধু সিনেপ্লেক্সে। সেখানে প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ সুযোগ পেয়েও দর্শক টানতে ক্রমাগত ব্যর্থ হতে থাকে নিশো-পূজার জুটি। যার কারণে ঈদের সপ্তাহ পার হওয়ার পরও প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে ব্যর্থ হয় রনির এই সিনেমা। প্রশ্ন ওঠে গল্প ও কাস্টিং নিয়ে। গল্প নিয়ে দমে অভিনয় করা দেশের বরেণ্য অভিনেত্রী ডলি জহুরও প্রশ্ন তোলেন। এর পরই আস্তে আস্তে অন্য সিনেমার শো বাড়তে থাকলেও কমতে থাকে দমের শো। যার কারণে দর্শক খরার ভয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি না দিয়ে বিদেশে মুক্তির সিদ্ধান্ত নেয়।

গল্পে দুর্বলতা
সিনেমায় গল্প নিয়ে প্রথম দিন থেকেই অভিযোগ ছিল দর্শকের। এশিয়া পোস্টকে কামরুল ইসলাম অনিক নামে এক দর্শক দম দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘দমের সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে। কিন্তু গল্পের গভীরতা নেই। আর পূজাকে কেন নেওয়া হয়েছে তার কারণ বোঝা যায়নি।’ এর গল্প নিয়ে মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে ‘দম’ নিয়ে জানতে চাইলে ডলি জহুর বলেন, ‘দমের দম নেই। ভেবেছিলেন তিনি ভালো চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন; কিন্তু বাস্তবে তা হয়নি। গল্পে একটি মায়ের চরিত্র রাখা প্রয়োজন, তাই রাখা। আলাদা কিছু নেই।’ এর গল্প নিয়ে কড়া সমালোচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তিনি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন রেদওয়ান রনি পরিচালিত আলোচিত সিনেমা ‘দম’। সিনেমা দেখার পরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় অনুভূতি প্রকাশ করেন তিনি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে শাওন লিখেছেন, ‘দম’ দেখে আসলাম। সারাক্ষণ উত্তেজনা আর দুঃখ দেখতে দেখতে ছবির দৈর্ঘ্য অনেক লম্বা লেগেছে! রিলিফ স্পেস খুব কম ছিল। শুধু চঞ্চল চৌধুরী যতবার পর্দায় এসেছেন ততবার দর্শক একটু স্বস্তি পেয়েছে। অভিনয়ের প্রতি আফরান নিশো’র উৎসর্গ যথাযোগ্যভাবে চোখে পড়ে। তবে অল্প কয়েকটা দৃশ‍্যে উপস্থিত থেকেও ডলি জহুর যে অভিব‍্যক্তি দেখিয়েছেন… আবারও তাঁর কাছ থেকে অভিনয় শিখতে ইচ্ছা করে। সংযোজন: দম সত‍্য ঘটনা অবলম্বনে বলা হলেও ছবির কাহিনী দেখে ৯০ দশকের চলচিত্র মনিরত্নমের ‘রোজা’র বার বার কথা মনে পড়েছে।’

‘দম’ সিনেমা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

আবারও ব্যর্থ পূজা চেরী
এই সিনেমায় পূজার যুক্ত হওয়া নিয়ে শুরু থেকেই ছিল সমালোচনা। মুক্তির পর তার কারণ ফুটে উঠেছে দর্শক প্রতিক্রিয়ায়। এতে নিশোর বিপরীতে পূজা নিজেকে একদমই মেলে ধরতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন সুলতানা বিথি নামে এক দর্শক। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘গল্পে পূজার উপস্থিতি পরিষ্কার না। যত সময় সে স্ক্রিনে ছিলেন তাকে নিষ্প্রাণ লেগেছে। নিশোর সঙ্গে অন্য কেউ হলে ভালো হতো। তার এবং তমার জুটি দর্শক যতটা গ্রহণ করেছিল, সেটিতে ব্যর্থ এবার পরিচালক।’ এটি নিয়ে পূজার ক্যারিয়ারে আরও একটি ফ্লপ সিনেমা যুক্ত হলো।

আবারও ব্যর্থ পূজা চেরী।

হল মালিকদের ধোঁকা
ঈদের ছুটি শেষ হতেই ‘দম’ হারিয়ে ফেলেছে রনি-শাকিলের প্রত্যাশিত এই সিনেমা। সিনেপ্লেক্সে দর্শক মুখ ফিরিয়ে নেওয়াতে দেশের সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি না দিয়ে বিদেশের মাটিতে মুক্তির পরিকল্পনা করেছে তারা। যাতে তরে ক্ষতির সম্মুখীন হবে দেশের হল মালিকরা। এশিয়া পোস্টকে এমনটি জানিয়েছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জল। তিনি বলেন, ‘শুনেছি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি না দিয়ে দেশের বাইরে মুক্তি দেওয়া হচ্ছে। এটি আমাদের চলচ্চিত্র ও হল মালিকদের জন্য বড় দুঃসংবাদ। এই সিনেমাসহ আরও একটি সিনেমা নিয়ে আমাদের কাছে বেশকিছু অভিযোগ পড়েছে। সবগুলো বিষয় নিয়েই খুব তাড়াতাড়ি আমরা ‘দম’ সিনেমা  ও  অন্য আরেকটি সিনেমা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসব। তারা এমনটা করতে পারে না। এটা করলে দেশের সিনেমার ক্ষতি করবে দমের পরিচালক ও প্রযোজক।’  

‘দম’ আগামী ১০ এপ্রিল থেকে নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে মুক্তি পাবে। এরপর ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’-এ অভিনয় আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুরসহ আরও অনেকে।
চলচ্চিত্র ও হল মালিক সমিতি।