ব্রেন টিউমারের চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন

উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে অবস্থান শেষে দেশে ফিরেছেন কিংবদন্তি অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের সফল চিকিৎসা শেষ করে সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।
বিমানবন্দরে উপস্থিত স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হন এই গুণী অভিনেতা। তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো আছি। শরীরও এখন বেশ ভালো। সবার কাছে আমার একটাই অনুরোধ—আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি।’
গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ছাড়েন ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার মস্তিষ্কে এক জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে চিকিৎসাগত ঝুঁকি ও জটিলতার কারণে টিউমারের সম্পূর্ণ অংশ অপসারণ করা সম্ভব হয়নি।
অস্ত্রোপচারের পর শুরু হয় তার দীর্ঘ ও কঠিন চিকিৎসাপ্রক্রিয়া। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাকে মোট ৬০টি কেমোথেরাপি গ্রহণ করতে হয়েছে। দীর্ঘ এই চিকিৎসা-যুদ্ধ শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফেরায় তার পরিবার, সহকর্মী এবং অসংখ্য ভক্তদের মাঝে স্বস্তি ও আনন্দের বন্যা বইছে।
.png)
