নেপালে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশের ‘শিকার’-এর মহরত

দুই পাশে উঁচু পাহাড়, সামনে বিশাল পর্বতশ্রেণি, নীল আকাশ আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা নেপালের পোখারায় শুরু হয়েছে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশ অভিনীত সিনেমা ‘শিকার’-এর শুটিং। কামরুজ্জামান রোমান পরিচালিত ও রেজা ফিল্ম প্রযোজিত সিনেমাটির শুটিং শুরু হয়েছে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে।
শুটিংয়ের প্রথম দিনে স্পটে একে একে হাজির হন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত এবং ‘জিল্লু’ খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্য। এ সময় প্রত্যেকের চোখে-মুখে ছিল আনন্দের ছাপ। কেউ আড্ডায় মগ্ন ছিলেন, আবার কেউ ব্যস্ত ছিলেন ভক্তদের সঙ্গে ছবি তুলতে।
একপর্যায়ে শুরু হয় সিনেমাটির মহরত অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। নিজস্ব রীতি ও নিয়ম অনুসরণ করে সিনেমাটির মঙ্গল কামনায় প্রথমে দোয়া করেন এর মূল অভিনেতা মুর্তজা পলাশ। এরপর নারিকেল ভেঙে সিনেমাটির শুভ সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
মহরত শেষে শুরু হয় ‘শিকার’-এর দৃশ্যধারণের কাজ। বাংলাদেশ, ভারত ও নেপাল তিন দেশের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।
সিনেমাটির গল্পে আগ্রহী হয়েই কাজটিতে যুক্ত হয়েছেন বলে জানান অপু বিশ্বাস। তিনি বলেন, ‘যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ, সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে আরও একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি গল্পটি দর্শকের ভালো লাগবে।’
এর আগে, একাধিক নাটকে অভিনয় করলেও এবারই প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছেন মুর্তজা পলাশ। বড় পর্দায় অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমবারের মতো সিনেমা করছি। কারণ এই সিনেমার গল্প পড়ে মনে হয়েছে, আমি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। তাই নির্মাতার কথা মতো গত আট মাস ধরে নিজের লুক তৈরি করেছি। আজ আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, দর্শককে যেন ভালো কিছু উপহার দিতে পারি। আশা করি গল্পটি দর্শকের হৃদয়ে আঁচড় কাটবে।’
জানা গেছে, নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ি পরিবেশে মাসজুড়ে চলবে ‘শিকার’ সিনেমার দৃশ্যধারণ। আগামী বছর ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
.png)

