বেঁচে থাকলে আজ ৫৫-তে পা রাখতেন সালমান শাহ

ঢালিউডে তার ক্যারিয়ার খুব অল্প সময়ের হলেও তিনি যেন স্থায়ী জায়গা করে নিয়েছেন ভক্ত-অনুরাগীদের হৃদয়ে। মৃত্যুর দীর্ঘ বছর পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র ম্লান হয়নি। বলছি ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর কথা। আজ, ১৯ সেপ্টেম্বর, ঢালিউডের এই অমর নায়কের জন্মবার্ষিকী।
সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭১ সালের আজকের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। বিটিভিতে শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে যাত্রা শুরু করলেও ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ধরে বড় পর্দায় তার রাজকীয় অভিষেক ঘটে।
সোহানুর রহমান সোহান পরিচালিত প্রথম এই সিনেমায় চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে অভিনয় করেই জয় করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমান শাহকে।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন এবং ট্রেন্ডে অগ্রগামী ছিলেন সালমান শাহ। তার পরিহিত পোশাক, চুলের কাটিং ও স্ক্রিন প্রেজেন্স সেই সময়েই তরুণ সমাজে ঝড় তুলেছিল। তিন দশক আগের সেই আধুনিকতার ছোঁয়া আজও বর্তমান যুগের তারকাদের মাঝেও অনুপ্রেরণা জোগায় বলে বিশ্বাস ভক্তদের।
মাত্র তিন-চার বছরের অল্প সময়ের এই ক্যারিয়ারে ২৭টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সালমান। যার বেশিরভাগই ছিল ব্যবসাসফল। এগুলোর মধ্যে রয়েছে ‘তুমি আমার’, ‘সুজন সখি’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’র মতো জনপ্রিয় সিনেমা।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন সালমান শাহ। বেঁচে থাকলে আজ ৫৫ বছর বয়সে পা রাখতেন ঢাকাই সিনেমার এই রাজপুত্র।

