logo
Advertisement

বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত

এশিয়া পোস্ট বিনোদন
বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত
বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত। ছবি: মিস্টি জান্নাতের ফেসবুক থেকে

ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ের খবর প্রকাশ করেছেন। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নববধূর সাজে তিনটি ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি জানান তিনি। এরপর থেকেই তার স্বামী, বিয়ের সময় ও ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

Advertisement

মিষ্টি জান্নাত জানিয়েছেন, তার বিয়ে বেশ আগেই হয়েছে। তবে এতদিন বিষয়টি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন তিনি। এখন কেন হঠাৎ বিয়ের খবর প্রকাশ করলেন, সেটির কারণও জানিয়েছেন এই অভিনেত্রী।

মিষ্টি বলেন, বিয়ে ও প্রেম নিয়ে বিভিন্ন সময় তাকে নানা ধরনের বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কেউ ফোন করে দেখা করতে চেয়েছেন, কেউ বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব দিয়েছেন, আবার কেউ সরাসরি প্রেমের প্রস্তাবও দিয়েছেন। এসব ঘটনায় একপর্যায়ে বিরক্ত হয়ে নিজের বিয়ের বিষয়টি প্রকাশ করার সিদ্ধান্ত নেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার প্রবণতা ঠিক নয়। এ ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতেই নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মিষ্টি জানান, এটি তার প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং ঠিক কবে বিয়ে হয়েছে, এ মুহূর্তে সেসব তথ্য প্রকাশ করতে চান না। তার মতে, সব তথ্য একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।

স্বামীর পরিচয় নিয়েও আপাতত রহস্য রেখেছেন মিষ্টি। জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী এবং মিডিয়ার সঙ্গেও কিছুটা সম্পৃক্ততা রয়েছে। এর আগে তার স্বামীর নাম ‘এস’ অক্ষর দিয়ে শুরু বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে তিনি শাকিব খান নন এ কথাও স্পষ্ট করেছেন মিষ্টি।

বিয়েটি বাংলাদেশেই হয়েছে জানালেও সময়, স্থান কিংবা স্বামীর বিস্তারিত পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন তিনি। ভবিষ্যতে স্বামীকে সবার সামনে আনার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন মিষ্টি। সময় হলে যথাযথভাবেই তাকে পরিচয় করিয়ে দেবেন। এমনকি এ নিয়ে ভবিষ্যতে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও মজা করে বলেছেন অভিনেত্রী।

বিয়ের পরও পুরোপুরি সংসারী জীবনে প্রবেশ করেননি বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত। বর্তমানে নিজের মতো করেই আছেন তিনি। ভবিষ্যতে যেন স্বামীর সঙ্গে সুন্দরভাবে সংসার করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ফেসবুকে বিয়ের ছবি প্রকাশের পাশাপাশি মিষ্টি লিখেছেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’ একই সঙ্গে পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধও জানিয়েছেন তিনি। তবে তার বিয়ের ঘোষণায় অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অভিনয়ের পাশাপাশি পেশায় একজন ডেন্টিস্ট মিষ্টি জান্নাত। বর্তমানে নিজের ডেন্টাল ক্লিনিক পরিচালনার পাশাপাশি ব্যবসায়িক কাজেও ব্যস্ত রয়েছেন তিনি। ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’, ‘তুই আমার রানি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত