logo

থাইল্যান্ডে শুটিংয়ে ৫৫ তলা থেকে লাফ দিয়েছিলেন ববি

থাইল্যান্ডে শুটিংয়ে ৫৫ তলা থেকে লাফ দিয়েছিলেন ববি
ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। ছবি: সংগৃহীত

ঢালিউড চিত্রনায়িকা ইয়ামিন হক ববি সিনেমা অঙ্গনের অত্যন্ত মেধাবী ও পরিচিত মুখ। দুর্দান্ত সাহসী এই অভিনেত্রী অনেক সময় সিনেমার কঠিন দৃশ্যগুলো নিজেই স্ট্যান্ট দেন। আর সেই সাহসিকতার কারণে একাধিকবার বিপদের মুখেও পড়তে হয়েছে তাকে। এমনই এক অভিজ্ঞতা হয়েছিল চিত্রনায়িকার। থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে ৫৫ তলা থেকে লাফ দিয়েছিলেন তিনি। ঘটনাটি স্মরণ করলে আজও শিউরে ওঠেন ববি।

ঈদুল আজহা উপলক্ষে এশিয়া পোস্টের বিশেষ বিনোদন অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হিসেবে হাজির হন ঢাকাই সিনেমার অন্যতম পরিশ্রমী ও সাহসী চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অনুষ্ঠানে উপস্থাপিকা শান্তা জাহানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় অংশ নেন তিনি। এ সময় অভিনয়জীবন ও সিনেমা ভুবনের নানা অভিজ্ঞতা ভক্তদের সামনে তুলে ধরেন এই তারকা।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপিকা শান্তা জাহান শুটিংয়ের কোনো স্মরণীয় অভিজ্ঞতার কথা জানতে চাইলে ববি বলেন, ‘ইফতেখার চৌধুরীর ‘বিজলি’ সিনেমায় আমি ৫৫ তলা থেকে লাফ দিয়েছিলাম। কীভাবে দিয়েছিলাম, নিজেও বুঝিনি।’

দৃশ্যটির শুটিং শেষ হওয়ার পর মুগ্ধ পরিচালক নিজের উচ্ছ্বাস লুকাতে না পেরে বলে ওঠেন, ‘ওহ মাই গড, ইউ ডিড পারফেক্ট।’ পরিচালকের সেই প্রশংসাই নিজের জীবনের অন্যতম সেরা স্বীকৃতি বলে মনে করেন ববি।

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ববির। এরপর বিভিন্ন সিনেমায় অ্যাকশনধর্মী চরিত্র ও দৃশ্যে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। নিজেই স্ট্যান্ট করার প্রসঙ্গে ববি বলেন, ‘অনেক সময় আমি নিজেও বুঝি না, এগুলো কতটা রিস্কি। কিন্তু করে ফেলি। আর ডামি ছাড়াই এসব দৃশ্য করি।’

তিনি জানান, ক্যামেরার সামনে দাঁড়ানোর পর ভয় কিংবা দ্বিধা-সংকোচের কথা মাথায় থাকে না। তখন পুরো মনোযোগ থাকে শুধু কাজের প্রতি। চরিত্রের প্রয়োজনেই ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলো সাহসের সঙ্গে সম্পন্ন করেন তিনি।