ঢাকার প্রেক্ষাগৃহে সালমান শাহর ৩ সিনেমা

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু দেশের লাখো দর্শককে শোকাহত করেছিল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। যেটিকে ‘অপমৃত্যু’ বলে উল্লেখ করা হয়েছিল। তবে সেটি এবার নতুন মোড় নিয়েছে। দীর্ঘ ২৯ বছর পর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়।
মৃত্যুর এত বছর পরেও আজও কোটি ভক্তের মনে সালমান শাহ অমলিন, তার পর্দার সেই রাজপুত্রের ছবি এখনও তাদের অন্তরে বসবাস করে। এখনো তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বছরজুড়ে কোনো না কোনো সিনেমা হলে তার অভিনীত ছবি প্রদর্শিত হয়।
এবার তাকে নিয়ে গোটা সপ্তাহের বিশেষ আয়োজন করেছে পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাজ। ‘ফিরে দেখি সালমান শাহ’ শীর্ষক এই সপ্তাহে তারা তিনটি ছবি দেখাচ্ছে। এগুলো হলো ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্য নেই’।
প্রতিদিন প্রতিটি ছবির দুটি করে শো চলছে। শুক্রবার থেকে শুরু হয়ে এই আয়োজন আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত চলবে।
অন্তরে অন্তরে
১৯৯৪ সালের ১০ জুন মুক্তি পায় এই চলচ্চিত্রটি। এটি পরিচালনা করছেন শিবলি সাদিক। কাহিনি লিখেছেন ফেরদৌস ও চিত্রনাট্য লিখেছেন শিবলি সাদিক। আশা প্রডাকশনস লিমিটেডের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মেহবুব হোসেন। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সালমান শাহ ও মৌসুমী। এটি দুই তারকার দ্বিতীয় সিনেমা। এতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজিব প্রমুখ।
স্বপ্নের পৃথিবী
রোমান্টিক গল্পের চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১২ জুলাই মুক্তি পায়। ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন বাদল খন্দকার। কাহিনি ও সংলাপ লিখেছেন জোসেফ শতাব্দী এবং হেনরি আমিন। এতে সালমান শাহের নায়িকা শাবনূর। আরও অভিনয় করেছেন ববিতা, রাজীব, রাইসুল ইসলাম আসাদ, দিলদার, অমল বোস।
সত্যের মৃত্যু নেই
১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন ছটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। এতে সালমান শাহের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন শাহনাজ। এটিই একে অন্যের বিপরীতে দুজনের একমাত্র সিনেমা। এ ছাড়া এতে অভিনয় করেছেন আলমগীর, শাবানা, রাইসুল ইসলাম আসাদ, রাজীব ও ডন।
এদিকে আয়োজনটি নিয়ে এক ভিডিও বার্তায় লায়ন সিনেমাজ কর্তৃপক্ষ জানায়, কিছু নায়ক সিনেমায় আসেন, আর কিছু নায়ক বদলে দেন পুরো চিত্রজগৎটাই। সালমান শাহ তেমনই এক তারকা। তার নাম পুরো একটি প্রজন্মের অনুভূতি হয়ে উঠেছিল। যার বিদায় আজও কাঁদায় লাখ লাখ সিনেমাপ্রেমীকে। লায়ন সিনেমাজে আবারও তার ছবি দেখার সুযোগ এলো।
এ সপ্তাহে সালমান শাহর ছবির বাইরে শুধু সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ চালাচ্ছে হলটি।