নিজের ঘরটাকে নিজ হাতে আবার সাজাব: মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি নিউইয়র্কে থাকছেন এবং সেখানে সময় কাটাচ্ছেন ঘোরাঘুরি, শপিং ও প্রবাসী বাংলাদেশিদের নানা আয়োজনে অংশ নিয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব মাহি। প্রায় সময়ই তিনি তার ফেসবুকে বিভিন্ন ইস্যুতে পোস্ট দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, এরপর যখন দেশে যাব নিজের ঘরটাকে নিজ হাতে আবার সাজাব। প্রিয় ফুল রাখব বিছানার পাশে, অযত্নে ফেলে রাখা টেরেসটা ফারিসের খেলার জন্য গোছাব।
তিনি আরও লেখেন, খোলা বারান্দাটায় প্রচুর গাছগাছালি রাখব, যেন রাতের বেলা প্রিয় গান শুনতে শুনতে এক কাপ কফি খেতে পারি। প্রত্যেক শুক্রবার মাটির চুলোয় রান্না হবে টেরেসে, তারপর সেই খাবার নিয়ে এক শুক্রবার চলে যাব কোনো নদীর পাড়ে, তো পরের শুক্রবার যাব কোনো সুন্দর গ্রামে। সবাই মিলে ঘাসে চাদর বিছিয়ে আয়োজন করে খাবো, ঝোলাবাতি ঝোলাবাতি টাইপ আহ্, ভাবতেই পারছি না কত্ত আনন্দ হবে। জীবনটা বড্ড সুন্দর সেটা জীবন থেকে দূরে না গেলে বোঝা যায় না।