নাজিফা তুষির বিশ্বাস, ব্রাজিলের হাতেই উঠবে শিরোপা

ফিফা বিশ্বকাপ ২০২৬ নিয়ে পুরো বিশ্বের মতো বাংলাদেশে উন্মাদনার অন্ত নেই। শোবিজ অঙ্গনের তারকা হতে শুরু করে সাধারণের মধ্যেও বইছে বিশ্বকাপের উত্তেজনার হাওয়া। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে সাধারণ ফুটবল ভক্তদের পাশাপাশি দেশের তারকা অঙ্গনেও আলোচনার ঝড় বইছে।
ব্রাজিলের একজন বড় ভক্ত জানিয়ে বাংলাদেশি অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা নাজিফা আনজুম তুষি আশাবাদী, এবারের বিশ্বকাপ শিরোপা পাবে ব্রাজিল। ছোটবেলা থেকেই অভিনেত্রী দেখেছেন, তার বাবা ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক। তাই বাবার দেখাদেখি তুষিও ব্রাজিলের পাঁড় ভক্ত।
শনিবার নিজের ‘রইদ’ সিনেমার প্রিমিয়ারের পর সাংবাদিকদের নাজিয়া তুষি জানান, আমি ব্রাজিলের একজন গর্বিত সমর্থক। ছোটবেলা থেকেই সাম্বা ফুটবলের জাদু আমাকে মুগ্ধ করে এসেছে। তবে আমি মেসির খেলার ভক্ত। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মেসি সবসময় আমার কাছে বিশেষ। মাঠে তার অসাধারণ দক্ষতা, দৃষ্টিনন্দন পাস ও গোল করার ক্ষমতা সত্যিই অনন্য।
বিশ্বকাপ এলে নাজিফা তুষির হৃদয় সবসময় ব্রাজিলের জন্যই স্পন্দিত হয়। এবারের বিশ্বকাপে ব্রাজিল দারুণ শক্তিশালী হয়ে মাঠে নামবে বলেই তার বিশ্বাস। যদিও প্রথম ম্যাচেই মরক্কোর সঙ্গে ড্র করে হতাশ করেছে সমর্থকদের।
তারপরও তুষি আশাবাদী, আক্রমণভাগ, মিডফিল্ড ও রক্ষণভাগ সব মিলিয়ে তারা প্রতিপক্ষকে উড়িয়ে দিতে সক্ষম হবে। তার দৃঢ় বিশ্বাস, এবারের বিশ্বকাপ ট্রফি শেষ পর্যন্ত ব্রাজিলের হাতেই উঠবে।
