ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের ‘মালিক’

প্রতি বছরের মতো এবারের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা। সেই তালিকায় আছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’। সম্প্রতি ছবির পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে কোরবানি ঈদে আসছে অ্যাকশনধর্মী সিনেমাটি।
গত বছরের শেষ দিকে পরিচালক সাইফ চন্দন ‘মালিক’ সিনেমার শুটিং শুরু করেছিলেন। শুরুতে শোনা গিয়েছিল, সিনেমাটি গত ঈদুল ফিতরে পর্দায় আসবে। তবে শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় তখন আর তড়িঘড়ি করে মুক্তি দেওয়া হয়নি।
অ্যাকশন ঘরানার গল্পে নির্মিত সিনেমায় দেখা যাবে, মায়ের সম্মান ও অধিকার আদায়ের জন্য প্রতিশোধের পথ বেছে নেওয়া এক তরুণ কীভাবে সময়ের পরিক্রমায় অপরাধ জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়। ছবিতে মিমকেও দেখা যাবে একেবারে ভিন্ন রূপে মারকুটে চরিত্রে।
সিনেমা সম্পর্কে নির্মাতা সাইফ চন্দন বলেন, অ্যাকশন ঘরানার সিনেমা হলেও এতে সুন্দর একটি গল্প রয়েছে। অভিনয়শিল্পীরা সবাই দারুণ কাজ করেছেন। পোস্টার, গান ও ট্রেলার প্রকাশের পর দর্শক আরও চমকে যাবে। আশা করছি, দর্শকদের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে।