জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন ববি

ঢালিউডের সেনসেশনাল চিত্রনায়িকা ইয়ামিন হক ববির জন্মদিন আজ ১৮ আগস্ট। বিশেষ এই দিনে রাত ১২টার পর থেকেই ফেসবুক, মুঠোফোন ও ক্ষুদেবার্তা সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ভাসছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই নিজস্ব স্টাইল, গ্ল্যামার আর অভিনয় দক্ষতা দিয়ে দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রপাড়ায় নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
২০০৯ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ববি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর একে একে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’ ও ‘নোলক’-এর মতো ব্যবসা সফল সিনেমা উপহার দেন তিনি। শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি, প্রযোজক হিসেবেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন ‘বিজলী’ চলচ্চিত্রের মাধ্যমে।
বিশেষ দিন নিয়ে ববি জানান, আজকের এই দিনে তিনি সাধারণত পরিবার ও ঘনিষ্ঠ মানুষদের সঙ্গেই কাটাতে পছন্দ করেন। তবে ভক্তদের অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা বার্তা তার দিনটিকে আরও বেশি বিশেষ করে তোলে।
বর্তমানেও বেশ কিছু নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ববি। আগামীতে ভক্তদের জন্য ভালো কাজ দিয়েই চমক দিতে চান বলে জানান এই নায়িকা।


