শুটিং বাকি এক দিন, এ সপ্তাহেই আসছে রাক্ষসের টিজার

ঈদুল ফিতরের প্রতীক্ষিত সিনেমা ‘রাক্ষস’। দেশ ও দেশের বাইরে একাধিক লোকেশনে সিনেমার শুটিং হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় ক্যামেরা ওপেন হয়, এরপর ‘রাক্ষস’ টিম উড়াল দেয় শ্রীলঙ্কায়।
শ্রীলঙ্কায় টানা ১৮ দিনের শুটিং শেষ করে, পুরো ইউনিট মালয়েশিয়ায় যাওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় সেখানে আর যাওয়া হয়নি। আবারও সেট বসে বাংলাদেশে। আগামী ২২ তারিখ ঢাকার একটি লোকেশনে সিনেমার শেষ দৃশ্যের কাজ সম্পন্ন হবে বলে নিশ্চিত হওয়া গেছে।
‘রাক্ষস’ সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এটি এই নির্মাতার দ্বিতীয় সিনেমা। তিনি তার নতুন এই প্রজেক্ট নিয়ে খুবই আশাবাদী। ধারণা করছেন, প্রথম সিনেমার সফলতাকে ছাপিয়ে যাবে দ্বিতীয়টি।
সিনেমা সূত্রে জানা গেছে, ঢাকার একটি লোকেশনে ২২ ফেব্রুয়ারি শেষ হবে রাক্ষসের শুটিং। শুধু বাকি থাকবে একটি আইটেম গানের দৃশ্য ধারণ। যার শুটিং হবে দেশের বাইরে, তবে কোন দেশে হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আইটেম গানে থাকবে চমক। বিদেশি কোনো শিল্পীকে গানে দেখা যেতে পারে, যা নিয়ে কাজ চলছে। গানটি কোরিওগ্রাফি করবেন ভারতীয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আদিল খান।
সিনেমা সূত্রে আরও জানা গেছে, রাক্ষসের টিজার এ সপ্তাহে প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে শুরু হবে সিনেমা মুক্তির প্রচারণা।
‘রাক্ষস’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।