শাকিবের বাবা হওয়ার খবরে যা জানালেন অপু বিশ্বাস

‘বসগিরি’ সিনেমা দিয়ে শাকিব খানের হাত ধরে রুপালি পর্দায় পা রাখেন নায়িকা শনবম বুবলী। এরপর একে একে কয়েকটি সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। মাঝে বিয়ে ও বাচ্চা ইস্যুতে তাদের দূরত্ব বাড়ে। তবে হুট করেই যেন সেই অভিমানের বরফ গলতে শুরু করেছে।
গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খান-শবনম বুবলী ছুটি কাটান। এরপরই প্রকাশ্যে আসে ফের তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তবে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে বারবার কৌশলী হয়েছেন বুবলী। দোষ চাপিয়েছেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর।
সম্প্রতি এক অনুষ্ঠানে তারকাদের নামে ছড়ানো গুজব, নেতিবাচক মন্তব্য এবং সামাজিকমাধ্যমে হেনস্তার সময় নিজেকে কীভাবে সামলান তা নিয়ে কথা বলেছেন বুবলী। তিনি জানান, এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ও আইডল ছেলে বীরের বাবা শাকিব খান।
বুবলী বলেন, শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তার কাছ থেকেই অনেক কিছু শেখা। তিনি সবসময় একটা কথাই বলেন, সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজই তোমার হয়ে কথা বলবে। সবাই যে প্রশ্ন করে, তার পেছনে সদিচ্ছা থাকে, তা নয়। হিংসা, হতাশা থেকে অনেক কথাই বলা হয়। সেসবের জবাব দিতে গেলে কাজটাই আর করা হয় না।
এদিকে সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ওই ইভেন্টে অভিনেত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই তার কাছে জানতে চাওয়া হয়, আবারও কি বাবা হচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান?
জবাবে অপু বিশ্বাস বলেন, আমি জানি না। আপনারা একটু আমাকে বলেন তো!
অপু বিশ্বাস আরও বলেন, কাজের কারণে আমি এখন সোশ্যাল মিডিয়ায় খুব কম থাকি। স্যোশাল মিডিয়ায় এখন কোন গুঞ্জন চলছে, আমার জানা নেই। আপনারা বিভিন্ন প্রোগ্রামে যান, আপনারাই আমাকে বলুন।
এরপর অভিনেত্রী বলেন, আসলে একজন সেলিব্রিটির শুধু কাজ নিয়ে দর্শক জানতে চান এমন নয়, ব্যক্তিগত বিষয় নিয়েও জানতে চান। তবে ভাগ্য বলেন আর কারমা বলেন, আমি কারও ব্যক্তিগত বিষয় কিংবা কাউকে তির মারতে পছন্দ করি না।
সবশেষে নায়িকা বলেন, সত্যি কথা বলতে আমি অপু বিশ্বাস। আর আমার ক্যারিয়ারে অবশ্যই যার সাপোর্ট সবচেয়ে বেশি ছিল তিনি কিং খান (শাকিব)। এ ছাড়া আমার ডিরেক্টর, প্রোডিউসার, সহশিল্পীরা ছিলেন। এগুলো ছাড়া আমি আসলে কী নিয়ে কথা বলব। আমার কাজ নিয়ে আসলেই আমি খুব ব্যস্ত।
অপু বিশ্বাসের চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয় ঢালিউড মেগাস্টার শাকিবের হাত ধরে। ২০০৮ সালে তারা ভালোবেসে গোপনে বিয়ে করেন। বিয়ের ৮ বছর পর ২০১৬ সালে তাদের সংসারে জন্ম নেয় আব্রাম খান জয়।
২০১৭ সালে বিয়ে ও সন্তান নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসেন নায়িকা। তার ঠিক এক বছর পরই ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন অপু বিশ্বাস ও শাকিব খান।
এরপর শাকিব বিয়ে করেন চিত্রনায়িকা শবনম বুবলীকে। বিয়ের পর এ জুটির সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর। ছেলের জন্মের পর বুবলীর সঙ্গেও বিচ্ছেদ ঘটে শাকিবের।