logo
Advertisement

দুর্ঘটনার ধকল কাটিয়ে বাসায় ফিরেছেন মেঘলা মুক্তা

এশিয়া পোস্ট বিনোদন
দুর্ঘটনার ধকল কাটিয়ে বাসায় ফিরেছেন মেঘলা মুক্তা
মেঘলা মুক্তা। ছবি: সংগৃহীত

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। অস্ত্রোপচারের পর আইসিইউতেও চিকিৎসা নিতে হয়েছে তাকে। তবে হাসপাতাল থেকে ফিরলেও এখনও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি এই অভিনেত্রী। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও কঠিন সময় পার করছেন তিনি।

Advertisement

শনিবার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান পরিস্থিতির কথা জানান মেঘলা। সেখানে তিনি লেখেন, হাসপাতাল থেকে বাসায় ফেরার পর বুঝতে পারছেন, এই সময়টা অনেকটাই একার। বন্ধু, কাজ কিংবা কোনো মিটিং- কিছুই নেই। সময় কাটছে নিজের ঘর, টেলিভিশন, ফোন আর মাঝে মাঝে বই পড়ার চেষ্টা করে।

দুর্ঘটনায় মেঘলার মুখে গুরুতর আঘাত লাগে। অস্ত্রোপচারের পরও মুখে রয়েছে সেলাই ও দাগ। তবে এসবকে আড়াল না করে নিজের বাস্তব অবস্থার কথাই প্রকাশ্যে জানিয়েছেন তিনি। একই সঙ্গে দ্রুত কাজে ফেরার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

মেঘলা বলেন, আয়নায় নিজেকে দেখলে তার শুধু মনে হয়, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবেন। মানুষের কথায় নিজের গল্প কখনো লুকাননি বলেও জানান তিনি। তার ভাষায়, সত্যি যা, সেটাই সত্যি। সবশেষে আত্মবিশ্বাসের সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘আমি লড়ছি এবং আমি ফিরব।’

এর আগে গত ২৭ জুলাই ভাঙা মোবাইল ফোনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন মেঘলা মুক্তা। তখন জানিয়েছিলেন, দুর্ঘটনায় তার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকবেন তিনি। জরুরি প্রয়োজনে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের পরিবর্তে সরাসরি ফোন করার অনুরোধও জানিয়েছিলেন।

ওই পোস্টের দুই দিন পরই প্রকাশ্যে আসে তার সড়ক দুর্ঘটনার খবর। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচার শেষে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসা শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন এই অভিনেত্রী। তবে পুরোপুরি সুস্থ হয়ে আগের স্বাভাবিক জীবনে ফিরতে আরও কিছুটা সময় লাগবে।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মেঘলা মুক্তা। র‌্যাম্পে কাজের পাশাপাশি বিলবোর্ড ও মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। পরে বড়পর্দায় অভিনয়ের স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি।

তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন মেঘলা। বাংলাদেশে তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’।

দুর্ঘটনার ধকল কাটিয়ে বাসায় ফিরেছেন মেঘলা মুক্তা