নতুন নেতৃত্ব আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে: শহীদুজ্জামান সেলিম

এশিয়া পোস্ট বিনোদন
নতুন নেতৃত্ব আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে: শহীদুজ্জামান সেলিম
শহীদুজ্জামান সেলিম। ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন। সকাল থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল ছয়টা পর্যন্ত। ভোট দিতে এসে দেশের জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম নিজের প্রত্যাশার কথা জানান।

শহীদুজ্জামান সেলিম বলেন, বর্তমান সময়ে শিল্পী সমিতির জন্য যোগ্য, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।

ভোট প্রদান শেষে শহীদুজ্জামান সেলিম সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর ও শান্তিপূর্ণ। এই মুহূর্তে ভোটারের উপস্থিতি কিছুটা কম।

নেতৃত্ব প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, আমাদের চলচ্চিত্র শিল্প ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এই সময়ে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা শিল্পীদের স্বার্থ রক্ষার পাশাপাশি চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। আগের কমিটিও শিল্পীদের জন্য বিভিন্নভাবে কাজ করেছে। আশা করছি, নতুন নেতৃত্ব আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা শানু, আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী।