সব পাপ ধুয়ে মুছে ফেলতে চাই: পপি

ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত নায়কা সাদিকা পারভীন পপি। বহু সিনেমায় নিজের অভিনয় দক্ষতায় চলচ্চিত্রে শক্ত অবস্থান গড়েছিলেন তিনি। তবে এখন আর সিনে পর্দায় দেখা যায় না তাকে। সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন পপি। এবার জানালেন, জীবনের সব পাপ ধুয়ে মুছে ফেলতে চান নায়িকা।
সম্প্রতি গণমাধ্যমরে এক সাক্ষাৎকারে জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। পাশাপাশি বর্তমান ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনাও খোলাসা করেন নায়িকা। এমনকি আর না ফিরবেন না বলেও জানান পপি । জীবনের বাকি সময়টা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান অভিনেত্রী।
পপি বলেন, সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়ে মুছে সুন্দরভাবে মরতে চাই। চলচ্চিত্রের ঝলমলে জীবন থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিতে চাই।
এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভালো কোনো কাজ দিয়েই পর্দায় ফিরতে চান পপি। তবে সাম্প্রতিক সময়ে জীবন নিয়ে তার ভাবনার কারণে চলচ্চিত্রে ফেরার বিষয়টি এখন অনিশ্চিত বলেই মনে করছেন অনেকেই।
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমা দিয়ে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক পপির। দীর্ঘ ক্যারিয়ারে বহু সিনেমায় নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বর্তমানে বিয়ে করে সংসারি হওয়ার পাশাপাশি এক পুত্রসন্তানের মা হয়েছেন পপি।


