এবার জয়ার ডিমের স্মৃতি ভাইরাল

পবিত্র রমজান মাসে খাবারের প্রতি সবারই আলাদা নজর থাকে। সারাদিন রোজা রাখার পর ইফতারে কী কী খাওয়া যায়, তা নিয়ে অনেকেরই থাকে নানা পরিকল্পনা। বিশেষ করে নারীরা এই মাসে পরিবারের খাবারের বিষয়ে বেশ সচেতনতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব পালন করছেন অভিনেত্রী জয়া আহসানও।
রমজান মাসের শুরু থেকেই পরিবারের সঙ্গে ইফতার করার চেষ্টা করছেন তিনি। এজন্য রান্নাঘরেও যেতে হচ্ছে তাকে। পরিবারের সবার জন্য নিজের পছন্দের কিছু স্বাস্থ্যকর রেসিপিও প্রস্তুত করেন এই অভিনেত্রী। যা অনুরাগীদের জন্য সামাজিকমাধ্যমেও প্রকাশ করেন জয়া।
এরই মধ্যে জয়ার দই-চানাচুরের একটি রেসিপি সামাজিকমাধ্যমে সুপার ভাইরাল হয়েছে। অভিনেত্রী জানান, এটি তার ছোটবেলার পছন্দের খাবার ছিল। এবার ছোটবেলার আরও একটি খাবারের রেসিপির ভিডিও শেয়ার করেছেন তিনি, যা ইতোমধ্যে ২০ লাখের কাছাকাছি ভিউ পেয়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি সিদ্ধ ডিমের মাঝখানে টমেটো সস ও চানাচুর দিয়ে খাচ্ছেন জয়া। এর স্বাদের কথা বলতে গিয়ে তিনি জানান, ছোটবেলায় এভাবেই সিদ্ধ ডিম খেতেন তিনি, যা তার ভীষণ পছন্দের একটি খাবার।
জয়ার এসব খাবারের ভিডিও তার অনুরাগীদের কাছেও বেশ সাড়া ফেলেছে। ভিডিওর মন্তব্যের ঘরে অনেকেই নিয়মিত নতুন নতুন খাবারের ভিডিও দেখতে চেয়ে নিজেদের মতামত জানিয়েছেন।
অভিনেত্রী অনেক আগে থেকেই সামাজিকমাধ্যমে নিজের ছাদবাগান এবং পালন করা হাঁস-মুরগি নিয়ে ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। সেগুলোও তার অনুসারীদের কাছে বেশ জনপ্রিয়। এবার তার তৈরি খাবারের ভিডিও সবার নজর কাড়ছে।