বিয়ে করলেন নায়িকা শাকিবা, পাত্র যিনি

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় মুখ নায়িকা শাকিবা বিনতে আলী। ক্যারিয়ারে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। নায়ক মান্না ও শাকিব খানের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গেও কাজ করেছেন তিনি। ফলে অল্পতেই শক্ত জায়গা করে নিতে পেরেছিলেন এ অভিনেত্রী।
হঠাৎ করেই লাইট-ক্যামেরার আড়ালে চলে যান শাকিবা। দীর্ঘদিন ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন। এর মাঝে কোনো খোঁজ পাওয়া যায়নি তার। তবে এবার ভিন্নভাবে আলোচনায় এসেছেন তিনি। বিয়ে করে নতুন জীবনে পা দিয়েছেন। অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনকে বিয়ে করেছেন এই নায়িকা।
জানা গেছে, গত ১৯ জানুয়ারি উজ্জ্বল ও শাকিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের সাজে ফ্রেমবন্দি হওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেত্রী। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, অপরিচিত বন্ধুর থেকে পরিচিত শত্রুকে বিয়ে করা ভালো।
এদিকে শাকিব ও উজ্জ্বলের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন অনেকে।
উজ্জ্বল একসময় নিয়মিত ছোটপর্দায় অভিনয় করতেন। তবে বর্তমানে তাকে তুলনামূলক কম দেখা যায়।
প্রসঙ্গত, ২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন শাকিবা। তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জীবনের ‘গ্যারান্টি নাই’। এরপর, তিনি প্রায় ৪০টি চলচ্চিত্রে অভিনয় করেন।
ক্যারিয়ারে শাকিব খান, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বোসহ অনেক জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন শাকিবা। অশ্লীলতার চরম দুঃসময়ে তিনি সিনেমা থেকে বিরতি টানেন। এরপর তাকে কিছু টিভি নাটকে দেখা গেছে। আবারও ফিরে ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।