প্রেমের চেয়ে বিয়ের প্রস্তাব বেশি আসে: ববি

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি জানিয়েছেন, তার জীবনে প্রেমের প্রস্তাবের চেয়ে বিয়ের প্রস্তাবই বেশি আসে। সম্প্রতি এশিয়া পোস্টের ঈদ উপলক্ষে প্রচারিত অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আলাপচারিতার এক পর্যায়ে ববি তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, ভক্ত ও পরিচিতদের কাছ থেকে নিয়মিতই বিয়ের প্রস্তাব পান, যা প্রেমের প্রস্তাবের তুলনায় অনেক বেশি। বিষয়টি নিয়ে তিনি মজার ছলেই মন্তব্য করেন, ‘প্রেম করার সুযোগই পাই না, তার আগেই সবাই বিয়ের প্রস্তাব দিয়ে বসে। তাই প্রেমের চেয়ে বিয়ের প্রস্তাবই বেশি আসে।’
ক্যারিয়ারের ব্যস্ততার কথাও তুলে ধরেন এই চিত্রনায়িকা। তিনি বলেন, ‘বর্তমানে কাজ নিয়েই বেশি সময় কাটছে, তাই ব্যক্তিগত সম্পর্ক বা প্রেমের দিকে তেমন মনোযোগ দেওয়া হয়ে ওঠে না।’ তবে ভবিষ্যতে সঠিক সময় ও সঠিক মানুষ পেলে বিয়ের বিষয়ে ভাববেন বলেও ইঙ্গিত দেন তিনি।
অনুষ্ঠানে ববি তার অভিনয়জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েও কথা বলেন। ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, দর্শকদের জন্য ভালো কাজ উপহার দিতেই তিনি সবসময় চেষ্টা করছেন।
ঈদ উপলক্ষে প্রচারিত এই বিশেষ অনুষ্ঠানটিতে তারকা অতিথিদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অজানা দিক তুলে ধরা হয়, যেখানে ববির এই মন্তব্য ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।