logo

জায়েদ খান অসৎ ও প্রতারক: রিফাত চৌধুরী

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
জায়েদ খান অসৎ ও প্রতারক: রিফাত চৌধুরী
জায়েদ খান ও রিফাত চৌধুরী। ছবি: ফেসবুক থেকে

শারীরিক অসুস্থতা নিয়ে কিছুদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। তার অসুস্থতার খবর প্রকাশের পর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে পাশে দাঁড়িয়েছেন। এরই মধ্যে চিত্রনায়ক জায়েদ খানও তাকে আর্থিক সহযোগিতা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে জায়েদ খানের সহযোগিতা নিয়ে ভিন্ন দাবি করেছেন রিফাত চৌধুরী।

এশিয়া পোস্টকে দেওয়া বক্তব্যে রিফাত চৌধুরী বলেন, জায়েদ খান তাকে যে আর্থিক সহযোগিতা করেছেন বলে বিভিন্ন সংবাদে বলা হচ্ছে, সেটি সঠিক নয়। বরং বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

রিফাত চৌধুরীর ভাষায়, ‘আমার কাছে মনে হয় জায়েদ খান লোকটি এক ধরনের অসৎ, প্রতারক। অসম্ভব বাজে একটা লোক। আমাকে অর্থের ব্যাপারে যে সহায়তা করেছেন, তা একেবারে ভোগাস। উনি যে খবরগুলো ছড়াচ্ছেন, তা সত্য নয়।’

তিনি আরও বলেন, ‘এ সংবাদ কারা প্রচার করছে, আমি তার কিছু জানি না। উনি বলছেন, উনি আমাকে আর্থিক সহযোগিতা করেছেন। আসলে কাকে সহযোগিতা করেছেন? কার মাধ্যমে সহযোগিতা করেছেন? এই রিপোর্টটা যারা করেছে, তারাও অসৎ, আর যে বলেছে সে-ও অসৎ।’

রিফাত চৌধুরীর এমন বক্তব্যের আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খান একজন টেলিভিশন সাংবাদিকের মাধ্যমে রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠিয়েছেন। একটি প্রতিবেদনে জায়েদ খান নিজেও বলেন, রিফাত চৌধুরী একজন শিল্পী এবং তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর তাকে স্পর্শ করেছে। দেশে থাকলে রিফাতের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি।

তবে সেই সহযোগিতার দাবি নিয়েই প্রশ্ন তুলেছেন রিফাত চৌধুরী। তার বক্তব্য, সহযোগিতার কথা বলা হলেও তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন।

জায়েদ খানের ‘পাশে থাকার’ দাবির বিষয়টিও প্রশ্নবিদ্ধ করেছেন রিফাত। তিনি বলেন, ‘এ ছাড়া উনি বলেছেন, উনি আমার পাশে আছেন। পাশে আছেন মানে উনি আমেরিকায় আছেন, আমি বাংলাদেশে আছি। অনেক দূর। তো পাশে থাকা বলতে উনি কী বোঝাচ্ছেন?’

এর আগে, ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরেই তিনি পা ও কোমরের সমস্যাসহ শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর শুরুতে বেড না পেয়ে কয়েক দিন মেঝেতে থাকতে হয়েছিল তাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে তাকে কেবিনে নেওয়া হয়।

রিফাত চৌধুরীর চিকিৎসা ব্যয় নিয়েও এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তার পাশে দাঁড়িয়েছে অভিনয়শিল্পী সংঘও। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন তিনি।

আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয় ১৯৮৪ সালে। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। অভিনয়ে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রসহ বেশকিছু জনপ্রিয় কাজের মাধ্যমে পরিচিতি পান তিনি। ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমাতেও অভিনয় করেছেন এই কবি ও অভিনেতা।

বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রিফাত চৌধুরী। সুস্থ হয়ে ফিরতে পারলে শুধু অভিনয়ে নয়, নাটক পরিচালনায় মন দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।