logo

নায়িকা ববির বাড়ি থেকে ৮৫ লাখ টাকার গয়না চুরি

নায়িকা ববির বাড়ি থেকে ৮৫ লাখ টাকার গয়না চুরি
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ২৭ মে মঙ্গলবার কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুরে ঘটেছে। যেখানে নায়িকা স্থায়ীভাবে বসবাস করেন। এই ঘটনায় মঙ্গলবার (২৭ মে) কাফরুল থানায় এজহার দায়ের করেছেন নায়িকার খালাতো ভাই মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়া।

এজহারে উল্লেখ করা হয়েছে, লিখিত বা মৌখিক অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, নায়িকা ববি শুটিংয়ের কাজে ২৫ মে বাড়ি থেকে বের হন। এরপর গত রাতে তার গৃহপরিচারিকা লাকি (৫৮), ববিকে মোবাইল ফোনে চুরির ঘটনা জানায়।

এরপর মঙ্গলবার (২৭ মে) ববি বাসায় এসে দেখতে পান তার বেডরুমের ৩টি আলমারীর মধ্যে ১টি আলমারি খোলা। তখন তিনি আরও ভালোভাবে খেয়াল করে দেখতে পায় যে, বেডরুমের জানালা ও বারান্দার ২টি গ্রিল কাটা। এরপর তিনি খুঁজে দেখেন তার বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে।

চুরি হওয়া মালামালের তালিকায় রয়েছে, স্বর্ণের চুড়ি ৫ জোড়া (মূল্য ৩০ লাখ টাকা), স্বর্ণের কানের দুল ৭ জোড়া (মূল্য ১০ লাখ টাকা), স্বর্ণের নেকলেস ৩টি (মূল্য তিন লাখ টাকা), স্বর্ণের লকেট ৮টি (মূল্য দুই লাখ টাকা), স্বর্ণের চেন ১২টি (মূল্য অনুমান ২৮ লাখ টাকা), ডায়মন্ডের নাকফুল ৭টি (মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা), বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ৫টি, বাজারমূল্য চার লাখ ২০ হাজার টাকা এবং নগদ ছয় লাখ টাকা। সবমিলিয়ে ৮৫ লাখ ৭০ হাজার টাকা।

ঘটনাটি নিয়ে এশিয়া পোস্টকে ববির খালাতো ভাই মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়া বলেন, ‘এই চুরির ঘটনা জানার পরেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। তারা আশ্বস্ত করেছেন খুব দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।’