logo

‘সহজে ভয় পাই না’, ফেসবুকে ফিরে বাঁধনের হুঁশিয়ারি

‘সহজে ভয় পাই না’, ফেসবুকে ফিরে বাঁধনের হুঁশিয়ারি
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অবশেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত ২৭ অক্টোবর থেকে সীমাবদ্ধ (রেস্ট্রিক্টেড) থাকা অ্যাকাউন্টটি পর্যালোচনার পর আবার ব্যবহারের সুযোগ দিয়েছে ফেসবুক। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবর জানিয়ে স্বস্তি প্রকাশের পাশাপাশি যারা তাকে ভয় দেখিয়ে বা চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, ‘আমি ফিরে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি সুখবর!’ পোস্টে তিনি জানান, গত ২৭ অক্টোবর তার প্রকাশ্য ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল। পরে নিজের দেওয়া তথ্য ও অ্যাকাউন্ট পর্যালোচনার পর আবারও প্রবেশাধিকার ফিরিয়ে দিয়েছে ফেসবুক।

Advertisement

তবে শুধু অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবরই নয়, পোস্টে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যও জানিয়েছেন বাঁধন। ইতালিতে তার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ভেনিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের তিনজনের বাড়িতে তল্লাশির নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে যারা বিভিন্ন কৌশলে তাকে ভয় দেখানো, চুপ করিয়ে দেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশে বাঁধন লেখেন, ‘আপনারা ভুল মানুষকে বেছে নিয়েছেন। আমি কী দিয়ে তৈরি, জীবনে কত কিছু পার করে এসেছি কিংবা নিজের অবস্থানে কতটা দৃঢ়ভাবে দাঁড়াতে পারি, সে সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। আমি সহজে ভয় পাই না। কেউ চাইলেই আমি হারিয়ে যাব না।’ পোস্টের শেষাংশে ফেসবুকে ফিরে আসার আনন্দও প্রকাশ করেন অভিনেত্রী। জানান, এবার হাসির কারণও তার কাছে আরও বেশি।

সম্প্রতি ইতালিতে হামলা ও হেনস্তার অভিযোগ তুলে আলোচনায় আসেন আজমেরী হক বাঁধন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে এ ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ও বিস্তারিত তথ্য প্রকাশ করেন অভিনেত্রী। এবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পাশাপাশি ইতালিতে ওই ঘটনার তদন্ত শুরুর খবরও জানালেন তিনি।