ক্ষোভ ঝাড়লেন রিনা খান

ঢাকাই সিনেমার চার দশকের ক্যারিয়ার তার। অভিনয় করেছেন পাঁচ শতাধিক সিনেমায়। তবে, এই অভিনেত্রীকে সবচেয়ে বেশি পাওয়া গেছে নানামাত্রিক কূট চরিত্রে। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সরব এই অভিনেত্রী। বিএনপির নারী সংরক্ষিত আসনে মনোনয়নপত্র কিনে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্যে জোটেনি মনোনয়ন।
বিএনপির নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চেয়েও তা না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন রিনা খান। তার ওই পোস্ট ঘিরে শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।
স্ট্যাটাসে রিনা খান লেখেন, শিল্পীদের মূল্যায়ন না করলে সংস্কৃতি বলতে কিছু থাকবে কি? তাহলে শিল্পীরাও দল বদল করবে, তখন বলবে ২ নৌকায় পা দিয়েছে।
তার এই মন্তব্য ঘিরে অনেকেই ধারণা করছেন, মনোনয়ন না পাওয়ার হতাশা থেকেই এমন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। যদিও সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি তিনি।
রিনা খানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তবে তার এই সংক্ষিপ্ত স্ট্যাটাসই নতুন করে শিল্পী ও রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনা উসকে দিয়েছে।