logo

এবার জায়েদ খানের মুখোমুখি কাজী মারুফ

এবার জায়েদ খানের মুখোমুখি কাজী মারুফ

জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের।

দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ এর উপস্থাপক হিসেবে আছেন। 

এদিকে একসময় ঢালিউডে দাপটের সঙ্গে অভিনয় করা ‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ এখন প্রবাস জীবনেই বেশি অভ্যস্ত। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা।

এবার তাকে দেখা যাবে ভিন্ন এক আঙ্গিকে—আড্ডায়, স্মৃতিচারণে এবং পর্দার আড়ালের গল্পে। জায়েদ খানের নতুন পর্বে অতিথি হচ্ছেন তিনি।

এই পর্বে উঠে আসবে ‘ইতিহাস’ ছবির অজানা গল্প, ক্যারিয়ারের উত্থান-পতন এবং প্রবাস জীবনের অভিজ্ঞতা।

জায়েদ খান জানান, ‘ইতিহাস’ ছবির সংলাপ বলার চেষ্টা করেছি। শুধু তাই নয়, ছবিটির ‘ভিটা নাইরে মাটি নাইরে’ গানেও পারফর্ম করেছি আমরা দুজন। অনেক মজার মজার গল্প করেছি, আড্ডা দিয়েছি, খুনসুটি করেছি।দুই নায়কের মজার এক পর্ব হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে। 

জানা গেছে, নতুন পর্বটি আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচারে আসবে।