সারা দেশে শিল্পকলায় দর্শনীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দর্শনীর বিনিময়ে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর অংশ হিসেবে শনিবার (১৫ আগস্ট) জাতীয় নাট্যশালা মিলনায়তনে তিনটি চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে কার্যক্রমটির আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত প্রথম দিনের প্রদর্শনীতে দেখানো হয় আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাংখারপুল’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ এবং মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজকে থেকে কার্যক্রম শুরু হলো। শিগগিরই ঢাকাসহ পর্যায়ক্রমে সারা দেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির হলগুলোতে দর্শনীর বিনিময়ে নিয়মিতভাবে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।’
তিনি আরও জানান, এ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকদের জন্য চলচ্চিত্র দেখার সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনের একটি বিকল্প পরিসর তৈরি হবে।
চলচ্চিত্রের মানোন্নয়ন ও প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। অনুষ্ঠানে বিভাগের উপপরিচালক সরকার জিয়াউদ্দিন আহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনের প্রদর্শনীতে বিকেল সাড়ে ৩টায় আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাংখারপুল’, সন্ধ্যা ৬টায় মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং রাত ৮টায় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ প্রদর্শিত হয়। প্রতিটি প্রদর্শনীতেই দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. ইকরামুল ইসলাম।


