logo

‘বাগেরহাটের মানুষ তো এত নির্দয় ছিল না’

‘বাগেরহাটের মানুষ তো এত নির্দয় ছিল না’

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (র.) মাজার এলাকার দিঘিতে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। দিঘির পানিতে থাকা একটি কুমির আচমকা পানির ওপর উঠে এসে একটি কুকুরকে মুখে তুলে নিয়ে গভীর জলে তলিয়ে যায়। অসহায় প্রাণীর এমন মর্মান্তিক মৃত্যু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ, দুঃখ আর মানবিক বোধের নানা প্রতিক্রিয়া দেখা যায়।

ঘটনাটির প্রতিবাদ ও আইনি পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকা থেকে বাগেরহাটে যান প্রাণী অধিকারকর্মী আব্দুল কাইয়ুম। তবে তার সেখানে যাওয়ার পরপরই সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে—কেউ কেউ দাবি করেন, স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাকে বাধা দিচ্ছে, এমনকি তার গাড়িও আটকে রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। নিজের জন্মভূমির এমন ঘটনায় হতাশা প্রকাশ করে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বাগেরহাটের মানুষ তো এত নির্দয় ছিল না! একটি অবলা প্রাণীর সঙ্গে যা ঘটেছে, তা কষ্টের পাশাপাশি লজ্জারও। খান জাহান আলী (রা.)-এর মাজারে এমন ঘটনা কল্পনারও বাইরে।’ তিনি আরও অনুরোধ করেন, আব্দুল কাইয়ুম যেন নিরাপদ ও সসম্মানে ঢাকায় ফিরতে পারেন, সে বিষয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

তবে এ নিয়ে এখনও স্পষ্টতা পাওয়া যায়নি। কাইয়ুমের নিজস্ব সামাজিক মাধ্যম ঘেঁটে দেখা যায়, তিনি বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ঘটনাটি নিয়ে আলোচনা করছেন। তাকে আটকে রাখা বা গাড়ি জব্দ করার বিষয়ে তিনি নিজে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ তোলেননি।