রহস্যে ঘেরা ‘পিনিক’-এর টিজার

অন্ধকার এক রুম। যেখানে বেঁধে শুইয়ে রাখা হয়েছে এক নারীকে। এরপরেই মুখোশ পরে অট্টহাসি দিয়ে একজন ওই রুমে ঢুকে ইলেক্ট্রিক করাত দিয়ে হত্যা করে বেঁধে রাখা নারীকে। এমনই এক রহস্যে ঘেরা ১ মিনিট ৪০ সেকেন্ডের ‘পিনিক’ সিনেমার টিজার বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে। আসন্ন ঈদে মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল জানান, ঈদুল ফিতরে দেখা যাবে পিনিক। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান। একটি ভালো সিনেমা উপহার দেওয়ার জন্যই পিনিক মুক্তি দিতে সময় নেওয়া হয়েছে।
মুক্তিতে দেরির কারণ হিসেবে তিনি জানান, একটি গল্প যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তোলা চ্যালেঞ্জিং। তাড়াহুড়ো না করে আমরা চাইছিলাম যাতে কোথাও কোনো খুঁত না থাকে।
রহস্য এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত ‘পিনিক’ সব ধরনের ঘরানার উপাদান মিলিয়ে তৈরি হয়েছে বলে জানান পরিচালক। তার ভাষায়, ‘পিনিকের গল্প খুব স্ট্রং। অ্যাকশন, থ্রিলার, হরর, রোমান্স—সব মিলিয়ে এটি বানানো হয়েছে। দর্শক দারুণ মজা পাবে।’
সিনেমাটিতে অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু প্রমুখ।