ব্যক্তিগত কাণ্ডে আলোচনা শিল্পীর কাজ নয়, আক্ষেপ শবনম ফারিয়ার

ঢাকাই শোবিজে কাজের পরিমাণ কমেছে, বিশেষ করে চলচ্চিত্রে শিল্পী-কলাকুশলীদের ব্যস্ততা আগের তুলনায় অনেকটাই কম। এর মধ্যেও বিনোদন অঙ্গনের কিছু তারকাকে নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে। তবে তাদের কাজের চেয়ে ব্যক্তিগত জীবন ও নানা কর্মকাণ্ডই বেশি জায়গা করে নিচ্ছে সেই আলোচনায়। অন্যদিকে অভিনয়দক্ষতা ও কাজের মাধ্যমে দর্শকের প্রশংসা পাওয়া অনেক শিল্পীই থেকে যাচ্ছেন আড়ালে। বিষয়টি নিয়ে এবার নিজের আক্ষেপের কথা জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ফারিয়া তুলে ধরেছেন তার পছন্দের কয়েকজন অভিনেত্রীর নাম। তার মতে, এসব শিল্পী মূলত অভিনয় দিয়েই নিজেদের পরিচিত করেছেন। ব্যক্তিগত জীবন কিংবা অপ্রয়োজনীয় কর্মকাণ্ড দিয়ে আলোচনায় থাকার চেষ্টা করেন না তারা। অথচ তাদের কাজ নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত, ততটা হয় না।
পোস্টের শুরুতেই অভিনেত্রী জয়া আহসানের প্রশংসা করেন ফারিয়া। অভিনয়, ব্যক্তিত্ব ও সৌন্দর্যের পাশাপাশি জয়ার রুচিবোধের কথাও উল্লেখ করেন তিনি। ফারিয়ার ভাষায়, অভিনয়ের বাইরে জয়ার রয়েছে পোষ্য, গাছপালা ও বাগানবাড়ি। আর যারা তার মতো ব্যাগ, জুতা ও ঘড়ির প্রতি আগ্রহী, তাদের জন্যও জয়ার সংগ্রহ দেখার মতো।
এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির কথা বলেন ফারিয়া। ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজ দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ‘স্পর্শের বাইরে’র প্রধান চরিত্রে সানজিদার অভিনয় তার ভালো লেগেছে। নিজের ‘কলিংবেল’ সিরিজে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাও স্মরণ করেন তিনি। ফারিয়ার মতে, সানজিদা প্রীতি বরাবরই স্বল্পভাষী এবং প্রয়োজনের বাইরে খুব বেশি কথা বলেন না।
নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদের অভিনয়কে বিশেষভাবে পছন্দ করেন ফারিয়া। এমনকি তার অভিনয় দেখে নিজেরও একই রকম দক্ষতা অর্জনের ইচ্ছা হয় বলে জানিয়েছেন তিনি। মৌসুমীকে পরিশ্রমী অভিনেত্রী উল্লেখ করে ফারিয়া লিখেছেন, তার অভিনয়দক্ষতা বিধাতাপ্রদত্ত। ব্যক্তিগতভাবেও তাকে চঞ্চল ও হাসিখুশি মানুষ হিসেবে বর্ণনা করেছেন।
অভিনেত্রী নাজিয়া হক অর্ষার অভিনয় নিয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন ফারিয়া। তার মতে, অভিনয় শুধু সংলাপনির্ভর নয়; একজন শিল্পীর চোখের অভিব্যক্তিও অনেক কিছু প্রকাশ করতে পারে। এ প্রসঙ্গে অর্ষার সঙ্গে কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার তুলনা টেনেছেন তিনি।
একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়েও শিডিউল জটিলতায় কাজটি করতে পারেননি ফারিয়া। পরে সেই নাটকে অর্ষার অভিনয় দেখে তার মনে হয়েছিল, নিজের শিডিউল জটিলতা বরং ভালোই হয়েছে। কারণ, অর্ষা চরিত্রটিকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তাতে নিজে অভিনয় করলে সেই চরিত্রের প্রতি যথাযথ সুবিচার করতে পারতেন কি না, তা নিয়ে সংশয় ছিল তার।
এ ছাড়া নিজের পছন্দের তালিকায় আরও কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করেছেন শবনম ফারিয়া। তারা হলেন আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষি। ফারিয়ার মতে, অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও রুচিশীল আচরণের কারণেও এই শিল্পীরা প্রশংসার দাবিদার।
পোস্টের শেষাংশে শোবিজের সাম্প্রতিক আলোচনা-চর্চার ধরন নিয়ে হতাশা প্রকাশ করেন ফারিয়া। তার অভিযোগ, ভালো অভিনয়, ব্যক্তিত্ব কিংবা মার্জিত আচরণের চেয়ে তারকাদের পোশাকের দাম, বিদেশ ভ্রমণ ও ব্যক্তিগত নানা বিষয় নিয়েই বেশি আগ্রহ দেখা যায়।
ফারিয়া লেখেন, ‘শুধু “জামার দাম লাখ টাকা, দুবাইয়ে ওমুক-তমুক করে” ছাড়া আমাদের দেশে সত্যিকারের ভালো অভিনয় করে, সফেস্টিকেটেড, সুন্দর করে কথা বলে এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।’
তার এই পোস্টে মূলত অভিনয়শিল্পীদের কাজ ও প্রতিভার যথাযথ মূল্যায়ন না হওয়ার বিষয়টিই উঠে এসেছে। একই সঙ্গে শোবিজের আলোচনায় ব্যক্তিগত জীবনের চেয়ে শিল্পীদের কাজকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।