মা হাসপাতালে, পরিবার নিয়ে কঠিন সময় পার করছেন তাসনুভা তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মায়ের অসুস্থতা নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন তার মায়ের বর্তমান অবস্থার কথা।
চার দিন আগে তিশার মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন তিনি। মায়ের জন্য তিশা দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে আবেগঘন পোস্টে তিশা মায়ের একটি ছবি যুক্ত করে লেখেন, ‘দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। চার দিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।’
এরপর পরিবারের সবার বর্তমান অবস্থা উল্লেখ করে তিশা আরও লেখেন, ‘এটি আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময়। এই মুহূর্তে আমি আপনাদের সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছি না।’
সবশেষ তিশা সবার কাছে দোয়া চেয়ে লেখেন, ‘সবাই প্রার্থনা করবেন যেন আল্লাহ তাকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, তাকে শক্তি দেন, তার হৃদযন্ত্রকে হেফাজত করেন এবং তাকে নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আল্লাহ যেন সবার প্রার্থনা কবুল করেন এবং আমার মাকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা দান করেন, আমিন।’