‘রাজীবের বিচার হয়নি, সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে’

সময়টা ২০১০ সাল, ভালোবেসে বিয়ে করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া জাহান প্রভা। বিয়ের পরপরই প্রভার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে তার কিছু আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছিল। সেই বিতর্কের জেরে ভেঙে গিয়েছিল অপূর্ব ও প্রভার সংসার।
এদিকে, প্রভার জীবনের পুরোনো ঝড় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক পোস্ট দিয়েছেন নির্মাতা শিহাব শাহীন।
শুক্রবার (১৯ জুন) রাজিব ও প্রভার বাগদানের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, টাইমলাইনে ছবিটা আসলো তাই ভাবলাম বলি। ঘটনাটার পরপরই ছেলেটার সাথে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম ‘তুমি কীভাবে এই কাজটা করলা?’...যাকে ভালোবাসো কীভাবে তার এত বড় ক্ষতি করলা?...ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছিল সে। সব মিথ্যা!
ভিডিও ফাঁসের মতো এত বড় অপরাধের পরও রাজিবের কোনো শাস্তি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিহাব শাহীন। রাজিবের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তার গ্রেপ্তার হওয়ার কথা, হয়নি। বিচার হওয়ার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে।
সবশেষে শিহাব শাহীন লেখেন, ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে পিস অফ শীট। মাঝে মাঝে এই লাইনটার মর্মার্থ বুঝতে পারি আমি।