বিয়ের সাজে প্রভা

অভিনয়ে এখন খুব একটা নিয়মিত নন সাদিয়া জাহান প্রভা। মাঝে মধ্যে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন অনুসারীদের সঙ্গে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। কারণ, সেখানে একেবারে বিয়ের সাজে দেখা গেছে অভিনেত্রীকে।
ছবিতে সনাতন ধর্মীয় রীতিতে বধূর সাজে রয়েছেন প্রভা। লাল শাড়ির সঙ্গে মাথায় মুকুট, কপালে টিকলি আর হাতে শাঁখা-পলা। বাড়ির উঠোনে সাজানো হয়েছে বিয়ের আসরও। ওপরে ঝোলানো হয়েছে রঙিন কাগজের সাজসজ্জা, পাশে রয়েছে কলাগাছ। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় নানা উপকরণও দেখা গেছে সেখানে।
তবে বাস্তবে বিয়ে করছেন কি না, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি প্রভা। বরং ছবির ক্যাপশনে অভিনয়ের বিষয়টিই সামনে এনেছেন তিনি।
প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’
অভিনেত্রীর এই বক্তব্য থেকেই ধারণা করা হচ্ছে, কোনো একটি চরিত্রের প্রয়োজনে বধূর সাজে হাজির হয়েছেন তিনি। তবে কোন নাটক, সিনেমা কিংবা ওয়েব কনটেন্টের শুটিংয়ের অংশ হিসেবে এই সাজ, সেটি স্পষ্ট করেননি প্রভা।
এদিকে সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন প্রভা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।