আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলায় খরচ না করে বন্যার্তদের দিন: রাশেদ সীমান্ত

এশিয়া পোস্ট বিনোদন
আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলায় খরচ না করে বন্যার্তদের দিন: রাশেদ সীমান্ত
রাশেদ সীমান্ত। ছবি: সংগৃহীত

ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে লাখো মানুষ পানিবন্দি। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেতা রাশেদ সীমান্ত। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় অযথা অর্থ ব্যয় না করে সেই টাকা বন্যার্তদের সহায়তায় ব্যয় করার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।

ব্যক্তিগত ফেসবুক পেজে আহবান জানিয়ে রাশেদ সীমান্ত লেখেন, আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার আয়োজনকে কেন্দ্র করে যে টাকা খরচ করবেন...দয়া করে তা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করুন। মানবতা বিসর্জন দিয়ে খেলা নয়। যার যার অবস্থান থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। নিজেকে একটু তাদের জায়গায় চিন্তা করুন।

অভিনয়ে খুব বেশি দিনের পথচলা না হলেও অল্প সময়েই দর্শকের নজর কাড়েন রাশেদ সীমান্ত। ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু হলেও ‘মধ্যরাতের সেবা’ নাটক তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর একের পর এক কমেডি ও সমাজসচেতনতামূলক নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত রাশেদ সীমান্ত। ক্যানসার রোগীসহ অসংখ্য অসহায় মানুষের পাশে নীরবে দাঁড়ানোর কারণে তিনি অনেকের প্রশংসা অর্জন করেছেন। এবারও বন্যাকবলিত মানুষের জন্য তার এই আহ্বান সেই মানবিকতারই আরেকটি উদাহরণ।