logo

নতুনদের সুযোগ দিতে চান তৌসিফ মাহবুব

নতুনদের সুযোগ দিতে চান তৌসিফ মাহবুব
অভিনেতা তৌসিফ মাহবুব। ছবি: অভিনেতার ফেসবুক থেকে নেওয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। দীর্ঘদিন ধরেই অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বৈচিত্র্যময় চরিত্রে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে নিয়মিতই প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা। গল্প ও চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও বরাবরই সচেতন তৌসিফ। সময়ের সঙ্গে নিজের অভিনয়ে নতুনত্ব আনার পাশাপাশি ভালো গল্প ও মানসম্মত কাজের মাধ্যমে দর্শকদের সামনে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নতুনদের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও আগ্রহী তৌসিফ। তার মতে, নতুন অভিনয়শিল্পীদের মধ্যে ভালো কিছু করার প্রবল আগ্রহ ও ক্ষুধা থাকে। তাই সুযোগ পেলে নতুনদের সঙ্গে কাজ করতে চান তিনি।

তৌসিফ মাহবুব বলেন, আমি সবসময় ভালো কাজের সুযোগের সন্ধানে থাকি। ভিকি ভাইয়ের কাজের সুযোগ মিস করতে চাই না। পাশাপাশি আমি সবসময় নতুনদের সঙ্গে কাজ করার চেষ্টা করি। নতুনদের মধ্যে প্রচণ্ডভাবে ভালো কাজের ক্ষুধা থাকে। আমিও একসময় নতুন ছিলাম।”

নতুন অভিনেত্রী শ্রেয়াকে নিয়ে তৌসিফ বলেন, ‘নতুন অভিনেত্রী শ্রেয়া কাজ করছেন, বিষয়টি আমি ইতিবাচকভাবে দেখছি। অনেক নতুন অভিনেতা-অভিনেত্রী হতাশায় আছেন, যারা সুযোগ পাচ্ছেন না। আমি আমার জায়গা থেকে একটু হলেও কনট্রিবিউট করতে চাই।’

২০১০ সালে অভিনয়জীবন শুরু করেন তৌসিফ মাহবুব। ২০১৩ সালের ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি।

এরপর ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্রিপ’, ‘রুমমেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’, ‘নাইন অ্যান্ড আ হাফ’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তৌসিফ। ছোটপর্দার পাশাপাশি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।