‘রুকাইয়া’ হয়ে ফেরা হলো না সুমাইয়া শিমুর

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দিয়ে ছোট পর্দার নিয়মিত কাজে ফেরার কথা ছিল তার। নাটকটি ঘিরে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। অভিনয়কে মিস করার কথা জানিয়ে ক্যামেরার সামনে ফিরতে পেরে আনন্দিত হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না। হঠাৎ জানা গেল, ‘ফিরে আসার গল্প’-এ দেখা যাবে না সুমাইয়া শিমুকে।
ফিরে আসার গল্পে ‘রুকাইয়া’ চরিত্রে অভিনয়ের কথা ছিল সুমাইয়া শিমুর। দীর্ঘ বিরতির পর এমন একটি গল্প ও চরিত্র দিয়েই ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। নিজেই জানিয়েছিলেন, বিরতির পর ফেরার মতো গল্প ও চরিত্র। তবে শেষ পর্যন্ত পর্দায় ‘রুকাইয়া’ হয়ে ওঠা হলো না তার। তার পরিবর্তে চরিত্রটিতে অভিনয় করছেন দীপা খন্দকার। এর আগে থেকেই ‘ফিরে আসার গল্প’-এর সঙ্গে যুক্ত ছিলেন দীপা। তখন তার অভিনয় করার কথা ছিল মরিয়ম চরিত্রে।
এদিকে দীপার ছেড়ে দেওয়া মরিয়ম চরিত্রে সম্প্রতি যুক্ত হয়েছেন অভিনেত্রী রোজী সিদ্দিকী। ফলে শিমুর প্রত্যাবর্তনের গল্পটি শেষ পর্যন্ত বদলে গেল চরিত্র ও অভিনয়শিল্পী দুই দিক থেকেই।
‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে অভিনয়শিল্পী পরিবর্তনের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। তবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেখা গেছে, সুমাইয়া শিমুর ফটোশুটের সব ছবি সরিয়ে ফেলা হয়েছে।
অন্যদিকে নতুন করে মরিয়ম চরিত্রে অভিনেত্রী রোজী সিদ্দিকীকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক থেকে সুমাইয়া শিমুর সরে দাঁড়ানোর কারণ জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এশিয়া পোস্ট। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
জানা গেছে, অসুস্থতার কারণে ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শিমু। চোখের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি।
তারকাবহুল ‘ফিরে আসার গল্প’ নাটকে অভিনয় করছেন জাহিদ হাসান, তানজিম সাইয়ারা তটিনী, শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাসার, মনিরা মিঠু, ফয়জুল ইয়ামিন, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এজাজুল ইসলাম, রাজু প্রমুখ।
আগামী ৭ অক্টোবর থেকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে ফিরে আসার গল্প ধারাবাহিকের। দেখা যাবে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায়। এখন পুরোদমে চলছে শুটিং।

