Advertisement

ইমরান হাশমির নায়িকা হতে চান তিশা

এশিয়া পোস্ট বিনোদন
ইমরান হাশমির নায়িকা হতে চান তিশা

বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত অভিনেতা ইমরান হাশমি। একটি পুরো প্রজন্মই মেতে ছিল তার দুর্দান্ত অভিনয়ে। ভারতীয় এই তারকার দারুণ ভক্ত বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনুভা তিশা। মনে মনে ইচ্ছা পোষণ করছেন পর্দায় তার নায়িকা হওয়ার।

সম্প্রতি এশিয়া পোস্টের জনপ্রিয় সেলিব্রিটি শো ‘এপি স্টার’-এ অতিথি হয়ে এসেছিলেন তিশা। অনুষ্ঠানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা গল্প অকপটে শেয়ার করেন তিনি। উপস্থাপক যখন জানতে চান, বলিউডের কোন নায়কের বিপরীতে কাজ করার স্বপ্ন দেখেন? উত্তরে তিশা বিন্দুমাত্র দ্বিধা না করে বলেন, ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন উনি আনেন, তা সত্যি দারুণ। পর্দায় রোমান্স এত সুন্দরভাবে অনেকেই ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল দেখায় এবং মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে।’

অনুষ্ঠানে তিশা আরও জানান, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে তার সেই স্বপ্নের কথা শুনে বাবা প্রায়ই রসিকতা করতেন। তিশা তখন ছিলেন খুব ছিপছিপে বা হালকা ওজনের। হেসে বাবা বলতেন, ‘আর্মির ভারী বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!’