নেইমারের বিদায়ে পলাশ

কিংবদন্তির গল্প কখনও শেষ হয় না

এশিয়া পোস্ট ডেস্ক
কিংবদন্তির গল্প কখনও শেষ হয় না
জিয়াউল হক পলাশ ও নেইমার জুনিয়র। কোলাজ: এশিয়া পোস্ট

চলমান বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। নরওয়ের কাছে হার শুধু ব্রাজিলের আরেকটি বিশ্বকাপ-বিদায় নয়, এটি ৩৬ বছরের মধ্যে তাদের সবচেয়ে হতাশাজনক বিশ্বকাপ অভিযান। ১৯৯০ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালের আগেই থেমে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পথচলা।

ব্রাজিলের পথচলা থেমে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে ঘিরে আবেগ প্রকাশ করেছেন অসংখ্য সমর্থক। দলটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তাকে জানিয়েছেন শ্রদ্ধাও।

সোমবার (৬ জুলাই) সকাল ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নেইমারের একটি প্রতীকী ছবি শেয়ার করেন পলাশ। ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমার অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়ে হেঁটে যাচ্ছেন। তার সামনে পড়ে আছে একটি রাজমুকুট। ছবির নিচে লেখা, ‘থ্যাংক ইউ’।

ছবির ক্যাপশনে পলাশ লিখেছেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’

পলাশের পোস্ট প্রকাশের পরপরই ফুটবলপ্রেমীরা মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানাতে শুরু করেন। অনেকে নেইমারকে শুভকামনা জানান। কেউ ব্রাজিলের বিদায় নিয়ে হতাশাও প্রকাশ করেন।