স্ত্রীর জন্মদিনে তৌসিফের আবেগঘন বার্তা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সঙ্গে তার সুন্দর সম্পর্কের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন এই অভিনেতা। এবার স্ত্রীর জন্মদিনে নয় বছর আগের একটি ছবি প্রকাশ করে ভালোবাসায় ভরা বার্তা দিয়েছেন তিনি।
জান্নাতুল ফেরদৌসের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পুরোনো একটি ছবি পোস্ট করেন তৌসিফ। ছবিটি আজকের দিন থেকে ঠিক নয় বছর আগে তোলা বলে জানিয়েছেন অভিনেতা। সেই ছবির সঙ্গে স্ত্রীকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, আমার মানুষ।’
এরপর স্ত্রীকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তৌসিফ লেখেন, ‘এতগুলো বছর পার হয়ে গেল, তবুও তোমার সাথে কাটানো প্রতিটা দিন আমার কাছে আলাদা। জীবনের সবকিছু তোমার সাথে ভাগ করে নিতে চাই; ভালো, খারাপ, হাসি, ঝগড়া সবকিছু। শুধু এভাবেই পাশে থেকো।’
তৌসিফের এই আবেগঘন বার্তা ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই জান্নাতুলকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই দম্পতির জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
তৌসিফ ও জান্নাতুলের সম্পর্কের শুরু বিয়ের অনেক আগেই। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। জান্নাতুলের ডাকনাম জারা। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে বিবিএ পড়েছেন।
অন্যদিকে, ২০১০ সালে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তৌসিফ মাহবুব। ২০১৩ সালের ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। এরপর ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্রিপ’, ‘রুমমেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’, ‘নাইন অ্যান্ড আ হাফ’সহ বেশকিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন।
ছোটপর্দার পাশাপাশি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন তৌসিফ। অভিনয়জীবনের ব্যস্ততার মধ্যেও স্ত্রীকে নিয়ে বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন তিনি। আর এবার জান্নাতুলের জন্মদিনে নয় বছর আগের একটি ছবি ও ভালোবাসাময় বার্তার মাধ্যমে তাদের দীর্ঘ পথচলার স্মৃতিই যেন নতুন করে সামনে আনলেন এই অভিনেতা।


