মন ভালো নেই, আগামী বিশ্বকাপে আসব: সাফা কবির

চলমান ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। ব্রাজিলের এ বিদায়ে হতাশ হয়েছেন দলটির বিশ্বজুড়ে থাকা কোটি সমর্থক। এই হতাশা ছুঁয়ে গেছে অভিনেত্রী সাফা কবিরকে। হতাশার মাঝেও তিনি জাগিয়ে রেখেছেন আশা। তিনি আশা করছেন, পরের বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে ব্রাজিল।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ব্রাজিল-নরওয়ের ম্যাচটি উপভোগ করেন সাফা কবির। নিজের ক্যামেরায় তুলেন বিভিন্ন ছবি। ফ্রেমবন্দি করেন নেইমার জুনিয়র ও আরলিং হালান্ডকে। এ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। তবে ব্রাজিলের পরাজয়ের পর মনখারাপ নিয়ে স্টেডিয়াম ছাড়েন তিনি।
স্টেডিয়ামের বাইরে এসে নিজের একটি ভিডিও প্রকাশ করেন সাফা কবির। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ। আগামী বিশ্বকাপে আমরা আসব।’
এই পোস্টের ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম।’
এর এক ঘণ্টা পর আরও কয়েকটি ছবি পোস্ট করেন সাফা। যেখানে একই ফ্রেমে ধরা পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ও নরওয়ের হালান্ড। পোস্টে তিনি লেখেন, ‘নেইমার জুনিয়র ও আর্লিং হালান্ডকে একই ফ্রেমে বন্দি করতে পারাটা অবিশ্বাস্য ও এক অবিস্মরণীয় মুহূর্ত। এত কাছ থেকে এমন বিশ্বমানের খেলোয়াড়দের খেলা দেখতে পারাটা যে কোনো ফুটবল ভক্তের জন্যই ভাগ্যের ব্যাপার।’
তিনি হালান্ডের পারফরম্যান্সের প্রশংসা করে লেখেন, ‘তার পারফরম্যান্স ছিল অসাধারণ। দুই দলের প্রতিটি খেলোয়াড় যেভাবে খেলেছেন, সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো।’
এর আগে সোমবার রাত দেড়টায় ফেসবুক পোস্টে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করে সাফা কবির লেখেন, ‘আজ আমি ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে, একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে। আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে নিজের দেশকে সমর্থন করব।’
আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইস্ট রাদারফোর্ডের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচটা ব্রাজিল শুরু করেছিল বড় প্রত্যাশা নিয়ে। সামনে ছিল শেষ আটে ওঠার সুযোগ, নরওয়ের বিপক্ষে প্রথম জয় পাওয়ার সুযোগ, ২০০২ সালের পর বিশ্বকাপ নকআউটে ইউরোপীয় দলের বিপক্ষে না জেতার অস্বস্তি কাটানোর সুযোগ। কিন্তু সব হিসাব শেষ পর্যন্ত ভেঙে দিলেন হালান্ড।




