দানিয়াল জাফরের নতুন ধামাকা ‘রাকাস’

এশিয়া পোস্ট বিনোদন
দানিয়াল জাফরের নতুন ধামাকা ‘রাকাস’
‘রাকাস’-এ দানিয়াল জাফরের সঙ্গে দেখা যাবে কোমল মীরকে। ছবি: সংগৃহীত


বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা ও গায়ক দানিয়াল জাফর ভাসছেন প্রশংসার জোয়ারে। ‘তানা বানা’, ‘স্ট্যান্ড আপ গার্ল’ এবং ‘ফারার’-এ দুর্দান্ত অভিনয় তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। বর্তমানে ‘জাঞ্জিরিন’ নাটকে ‘সরবুলন্দ খান’ চরিত্রে তার অনবদ্য অভিনয়, চরিত্রের ট্রমা ও কষ্ট ফুটিয়ে তোলার দক্ষতা লুফে নিয়েছে দর্শক। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার আগামী প্রজেক্ট ঘোষণার জন্য। অবশেষে দানিয়াল জাফরের কাছ থেকে মিলল সেই সুখবর।

Advertisement

দানিয়ালের নতুন এই নাটকে জুটি বাঁধছেন ‘জেন জি’ প্রজন্মের আরেক জনপ্রিয় অভিনেত্রী কোমল মীর। সাধারণত চঞ্চল ও মিষ্টি মেয়ের চরিত্রে অভিনয় করা কোমল এবার তার চেনা গণ্ডি ভেঙে নতুন অবতারে হাজির হতে যাচ্ছেন। এর আগে ‘গুঞ্জ’ নাটকে এক বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন কোমল মীর।

এখনও গ্রিন এন্টারটেইনমেন্টের ব্যানারে আসতে যাওয়া নাটকটির নাম চূড়ান্ত করা হয়নি। তবে প্রাথমিকভাবে নাটকটির নাম রাখা হয়েছে ‘রাকাস’। রাদাইন শাহর রচিত ও চিত্রনাট্যে আসন্ন এই নাটকটির পরিচালনায় থাকছেন শাহিদ শাফাত। ব্লকবাস্টার ‘দুনিয়াপুর’-এর পর এই সফল লেখক-পরিচালক জুটি আবার একসঙ্গে নতুন জাদু দেখাতে প্রস্তুত।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার অ্যাবোটাবাদ জেলার অত্যন্ত জনপ্রিয় পাহাড়ি শহর ও পর্যটন কেন্দ্র নাথিয়াগালিতে বর্তমানে চলছে এই নাটকের শুটিং। শহরটির প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত আবহ নাটকের পরতে পরতে উঠে আসবে। ভিন্নধর্মী কাস্টিং আর শক্তিশালী নির্মাতাদের কারণে ‘রাকাস’ নিয়ে এখনই বিনোদনপাড়ায় শুরু হয়েছে দারুণ উন্মাদনা।