নিখোঁজের ১০ ঘণ্টা পর বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা

দীর্ঘ ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান হয়েছে অভিনেত্রী মেঘলা মুক্তার। নিখোঁজ হওয়ার পর অবশেষে বাবার সন্ধান পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাবাকে ফিরে পাওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী। তবে বাবাকে ফিরে পেলেও তার শারীরিক অবস্থা নিয়ে এখনও উদ্বেগ কাটেনি পরিবারের।
বাবার সন্ধান পাওয়ার খবর জানিয়ে মেঘলা মুক্তা লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। যারা আমার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
কীভাবে বাবার সন্ধান মিলেছে, সে বিষয়েও বিস্তারিত জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাবার ছবি দেখে একজন সহৃদয় ব্যক্তি তাকে শনাক্ত করেন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান তিনি। পাশাপাশি এসআরবির তৎপরতায় বাবার মোবাইল নম্বর ট্র্যাকিং করেও তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
মেঘলা জানান, উত্তরার একটি ক্লিনিকে বাবার সন্ধান পাওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে সেখানে ছুটে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের খবর ও ছবি দেখে এক ব্যক্তি ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে ক্লিনিক থেকে ফোন করে জানানো হয়, সেখানে থাকা একজন ব্যক্তির সঙ্গে ফেসবুকে প্রকাশিত ছবির মিল রয়েছে।
ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে অভিনেত্রী জানতে পারেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার বাবাকে সেখানে রেখে গেছেন। তাকে যখন ক্লিনিকে আনা হয়, তখন মুখ দিয়ে ফেনার মতো কিছু বের হচ্ছিল। শারীরিক অবস্থার কারণে এখনও বাবার সঙ্গে বিস্তারিত কথা বলতে পারেননি পরিবারের সদস্যরা। তিনি কথা বলতে শুরু করলে কী ঘটেছিল, তা জানা যাবে বলে আশা করছেন মেঘলা।
বাবাকে ফিরে পাওয়ার স্বস্তির মধ্যেও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি জানান, দীর্ঘ ৯-১০ ঘণ্টার চেষ্টায় বাবাকে খুঁজে পাওয়া গেলেও বর্তমানে তিনি ভীষণ অসুস্থ। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে। বাবার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মেঘলা।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত থেকে বাবার কোনো খোঁজ পাচ্ছিলেন না এই অভিনেত্রী। পরে দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান তিনি। একই সঙ্গে বাবার ছবি প্রকাশ করে তার সন্ধানে সবার সহযোগিতা কামনা করেন। সেই পোস্ট ছড়িয়ে পড়ার পরই বিভিন্নজনের সহযোগিতায় শেষ পর্যন্ত বাবার সন্ধান পান মেঘলা মুক্তা।