আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ

চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ। সেইসঙ্গে আবেগে ভাসছে ক্রীড়া্প্রেমীরা। ফুটবল মানেই বাঙালির চিরন্তন আবেগ, উন্মাদনা আর চিরচেনা ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতা। মাঠের সেই চিরবৈরী উত্তাপ এবার ছোট পর্দার দর্শকদের দোলা দিতে আসছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। দুই দলের সমর্থকদের জমজমাট খুনসুটি, তর্ক-বিতর্ক আর হাস্যরসের রঙে রাঙানো এক বিশেষ পর্ব নিয়ে হাজির হচ্ছে নাটকটির পঞ্চম সিজনের ১৩তম এপিসোড।
ফুটবল জ্বরের এই ব্যতিক্রমী ও বিনোদনমূলক আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেন, “আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।”
নতুন এই পর্বকে ঘিরে দর্শকদের জন্য এক দারুণ সারপ্রাইজ ও বড় চমকের ঘোষণাও দিয়েছেন এই নির্মাতা। তিনি জানান, ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে আগাম বুকিং বা প্রি-বুক করলে ভাগ্যবান ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ নাটকের অত্যন্ত জনপ্রিয় চরিত্রদের নিয়ে আয়োজিত একটি বিশেষ ফুটবল খেলা সরাসরি মাঠে বসে উপভোগ করার সুবর্ণ সুযোগ পাবেন।
নির্মাতার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকের দর্শক ও ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের কট্টর সমর্থকদের মধ্যে নতুন পর্বটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি রোমাঞ্চ। ফুটবল উন্মাদনার এই বিশেষ আয়োজন ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রেমীদের জন্য একেবারেই নতুন ও ভিন্নধর্মী বিনোদন নিয়ে আসবে বলেই মনে করছেন দেশের নাটকপ্রেমী দর্শকেরা।







