অতিরিক্ত ট্রল, অপমান বা কাউকে হেয় করা বন্ধ হওয়া উচিত: অপূর্ব

ফুটবল বিশ্বকাপের মাঠের উত্তেজনা মাঠের বাইরে এক চরম বিষাদের জন্ম দিয়েছে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিদায় ঘটেছে ইউরোপরে দল নরওয়ের কাছে হেরে। আর প্রিয় দলের এই আকস্মিক বিদায়ে দেশের ব্রাজিল সমর্থকদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা। অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন, এমনকি অতি আবেগের বশে আত্মহত্যা ও জ্ঞান হারানোর মতো হৃদয়বিদারক ঘটনাও ঘটেছে।
খেলাকে কেন্দ্র করে এমন মর্মান্তিক পরিণতি দেখে স্তব্ধ ও ব্যথিত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্ত ও দর্শকদের সতর্ক করেছেন এই তারকা।
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় এক যুবকের আত্মহত্যার খবরে ভীষণ মর্মাহত হয়েছেন অপূর্ব। এই ঘটনার প্রেক্ষিতে অপূর্ব লেখেন, ‘আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে—এটাই স্বাভাবিক। তবে সেই আবেগ যেন জীবনের চেয়ে বড় হয়ে না দাঁড়ায়। কারণ, দিনশেষে এটা শুধুই একটা খেলা।’
খেলাধুলায় জয়-পরাজয় নিয়ে রসাত্মক আলোচনা বা ট্রল নিয়মিত বিষয় হলেও, তার একটা সীমা থাকা উচিত বলে মনে করেন এই অভিনেতা। অন্যকে হেয় বা অপমান করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘সীমাবদ্ধতা বজায় রাখুন, ট্রল খেলারই অংশ হতে পারে, তবে অতিরিক্ত ট্রল, অপমান বা কাউকে হেয় করা বন্ধ হওয়া উচিত।’
সমর্থকদের বাস্তবমুখী হওয়ার আহ্বান জানিয়ে অপূর্ব মনে করিয়ে দেন যে, ট্রফি বা জয় আজ না হলে কাল আসবে, কিন্তু জীবন একবার চলে গেলে তা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়।




