logo

‘দার-এ-নিজাত’-এর আবু বকরকে নিয়ে দর্শকদের কেন এত কৌতূহল

‘দার-এ-নিজাত’-এর আবু বকরকে নিয়ে দর্শকদের কেন এত কৌতূহল
‘দার-এ-নিজাত’-এর আবু বকর চরিত্রের শেহেরিয়ার মুনাওয়ার। ছবি: নাটক থেকে

রাগ নেই, আছে শুধু ধৈর্য, মায়ের প্রতি ভক্তি আর স্ত্রীর প্রতি অগাধ যত্ন পাকিস্তানি ড্রামা ‘দার-এ-নিজাত’-এর আবু বকর চরিত্রটি যেন এক আদর্শ স্বামীর রূপ। তাকে ঘিরে নেটদুনিয়ায় এখন ঝড় উঠেছে। পর্দার এই আইডল চরিত্রটি দেখার পর দর্শকদের মনে একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: বাস্তবে কি এমন পুরুষ আদৌ পাওয়া সম্ভব?

‘দার-এ-নিজাত’ নাটকে আবু বকর ও জারিয়াবের রসায়ন নজর কাড়ছে সবার। জারিয়াব রাগানোর চেষ্টা করলেও আবু বকর যেভাবে মাথা ঠান্ডা রাখেন, তা সত্যিই প্রশংসনীয়। তবে দর্শকদের মনে এখন আলোচনার মূল বিষয় একটাই, আবু বকরের এই ধৈর্যের পেছনের আসল রহস্য কী? এটি কি তার ধর্মীয় মূল্যবোধের প্রভাব, নাকি স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ?

মূলত ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরাই এই ধারাবাহিকের মূল উদ্দেশ্য। সেই ভাবনা থেকেই আবু বকরের চরিত্রের মাধ্যমে বিবাহবন্ধনের প্রতি শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং বিশ্বাসের গভীরতা ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমান সমাজে একজন স্বামী কীভাবে স্ত্রীর প্রতি যত্নশীল, সংবেদনশীল ও শ্রদ্ধাশীল হতে পারেন, নাটকের মাধ্যমে সেই ইতিবাচক বার্তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এসব কারণে আবু বকর চরিত্রটি নিয়ে বেশ কৌতূহল দেখা দিয়েছে দর্শকমহলে। তবে অনেকের মতে, আবার তার অতিরিক্ত সংযত আচরণ বাস্তবতা থেকে কিছুটা দূরে সরিয়ে দিচ্ছে।

এ আর ওয়াই ডিজিটালে সম্প্রচারিত ‘দার-এ-নিজাত’ ধারাবাহিকে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় তারকা শেহেরিয়ার মুনাওয়ার এবং জারিয়াব ভূমিকায় অভিনয় করছেন দূরেফিমান সেলিম। ইতিমধ্যে সিরিজটির ২৫তম পর্ব প্রচারিত হয়েছে।